পুজোর আগেই পকেটে টান? পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ নিয়ে অর্থ দপ্তরের নয়া বিজ্ঞপ্তিতে বড় ধাক্কা কর্মীদের!

পুজোর আগেই হাতে টাকা! পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট

রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম পে কমিশনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে আলোচনা ফের তুঙ্গে উঠেছে। রাজ্যের অর্থ দপ্তর সম্প্রতি একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে, আর তা ঘিরেই সরকারি মহলে তৈরি হয়েছে নতুন বিতর্ক ও আশঙ্কা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই বকেয়া মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও, বিজ্ঞপ্তিতে থাকা নানা শর্ত ও কড়াকড়ির কারণে কর্মীদের একাংশের মনে প্রশ্ন জাগছে—শেষ পর্যন্ত তাঁদের হাতে ঠিক কত টাকা আসবে।

জিপিএফ-এ জমা বকেয়া, শর্ত ২০২৮ সাল পর্যন্ত

অর্থ দপ্তরের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের মধ্যে গ্রুপ এ, বি এবং সি শ্রেণির কর্মীদের বকেয়া ডিএ-র পুরো অংশ সরাসরি হাতে দেওয়া হচ্ছে না। পরিবর্তে এই টাকা জমা করা হবে তাঁদের জেনারেল প্রভিডেন্ড ফান্ড বা জিপিএফ-এ। শুধু তাই নয়, কর্মরত কর্মীদের জন্য শর্ত রাখা হয়েছে যে, জিপিএফ-এ জমা পড়া এই বকেয়া টাকা ২০২৮ সালের এপ্রিল মাসের আগে তুলে নেওয়া যাবে না। ফলে টাকা হাতে পাওয়ার জন্য কর্মীদের আরও লম্বা সময় অপেক্ষা করতে হবে।

স্বস্তিতে গ্রুপ ডি কর্মীরা

তবে গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে নিয়ম কিছুটা আলাদা রাখা হয়েছে। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি স্পষ্ট জানাচ্ছে যে, গ্রুপ ডি কর্মীদের বকেয়া ডিএ-র টাকা সরাসরি তাঁদের স্যালারি অ্যাকাউন্টে জমা হবে। ফলে তুলনামূলকভাবে তাঁরা এই বকেয়া টাকা দ্রুত হাতে পাবেন।

আয়কর কাটা এবং ওভারড্রলের আশঙ্কা

এই বিজ্ঞপ্তির সবচেয়ে বেশি আলোচিত এবং বিতর্কিত অংশটি হলো ট্যাক্স বা আয়কর সংক্রান্ত নির্দেশ। জিপিএফ তহবিল থেকে যখনই টাকা তোলা হবে, তখন তা থেকে আয়কর কাটা হবে বলে জানানো হয়েছে। কত টাকা কাটা হবে, তা প্রদানের আগেই ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার বা ডিডিও হিসাব করে নেবেন। এর পাশাপাশি, ভুলবশত কাউকে অতিরিক্ত টাকা দেওয়া হয়ে থাকলে তা কেটে রাখার নির্দেশ নিয়েও আপত্তি উঠেছে।

কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, আয়কর কাটা নিয়ে তাঁদের বিশেষ আপত্তি না থাকলেও, ওভারড্রলের যুক্তি দেখিয়ে টাকা কেটে নেওয়ার সিদ্ধান্তে কর্মীদের প্রাপ্য আরও কমে যাবে। এছাড়া সর্বভারতীয় মূল্য সূচক (AICPI) অনুযায়ী বকেয়া ডিএ হিসাব করা হয়নি বলেও অভিযোগ তুলেছেন তিনি। এই পুরো বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট নিযুক্ত মালহোত্রা কমিটির দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানানো হয়েছে।

দৈনিক এমন আরও রাজ্য ও সরকারি কর্মচারীদের খবরের আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এই প্রতিবেদনটি আপনার কেমন লাগল? কমেন্ট করে জানান।