শ্রমিকদের কোয়ার্টার থেকে আজ ফ্যাশনের রাজা! জিন্সের পকেটে থাকা ওই ছোট্ট জিনিসটির আসল কাজ কী জানেন?

আজকের দিনে ফ্যাশন বা আরাম—সবকিছুর জন্যই আমাদের আলমারিতে জিন্স এক অপরিহার্য পোশাক। বয়স বা লিঙ্গ নির্বিশেষে সকলেরই পছন্দের এই পোশাকটি আজ সর্বজনীন। কিন্তু আপনি কি জানেন, যে জিন্স আজ ফ্যাশনের অন্যতম প্রধান অনুষঙ্গ, তা আদতে কোনো ফ্যাশনের জন্য তৈরিই করা হয়নি? ঊনবিংশ শতাব্দীতে ফ্রান্সের ‘নিমস’ (Nîmes) শহরে খনি শ্রমিক ও কারিগরদের কাজের সুবিধার জন্যই তৈরি হয়েছিল এই মোটা কাপড়ের প্যান্ট। ফরাসি শব্দ ‘সার্জ দ্য নিমস’ থেকে পরবর্তীতে এর নাম হয় ‘ডেনিম’। ইতালির জেনোয়া (Genoa) শহরের ‘জিন’ কাপড়ের নাম থেকেই প্যান্টের নাম হয় ‘জিন্স’।
সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, জিন্সে থাকা সেই ছোট পকেটটি মূলত তৈরি করা হয়েছিল পকেট-ঘড়ি (pocket watch) রাখার জন্য, যা সেকালে ঘোড়সওয়ার ও পেশাজীবীদের কাজে লাগত। অন্যদিকে, শ্রমিকদের কাপড়ে সহজে ময়লা না লাগার কারণেই প্রথম জিন্স নীল রঙের তৈরি করা হয়েছিল। ১৯৫০ সালে হলিউড তারকা জেমস ডিনের হাত ধরে রূপোলি পর্দায় এন্ট্রি নেওয়ার পর থেকেই এটি তরুণ প্রজন্মের ফ্যাশন স্টেটমেন্ট হয়ে ওঠে। এমনকি আমেরিকার বহু স্কুল ও রেস্তোরাঁয় একসময় জিন্স পরা নিষিদ্ধ পর্যন্ত করা হয়েছিল!
ভারতে ১৯৮৬ সালে ‘অরবিন্দ মিলস’-এর হাত ধরে ডেনিমের পথ চলা শুরু হয়। পরবর্তী সময়ে অমিতাভ বচ্চন ও জিনাত আমানের মতো বলিউড তারকারা একে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেন। বর্তমানে স্কিনি, বুটকাট, বয়ফ্রেন্ড, ব্যাগি থেকে শুরু করে নানা আধুনিক ডিজাইনে বাজার কাঁপাচ্ছে এই জিন্স। শ্রমিকদের সাধারণ পোশাক থেকে শুরু করে বিশ্বজুড়ে ফ্যাশনের একচ্ছত্র অধিপতি হয়ে ওঠার এই দীর্ঘ পথচলা সত্যিই অবিশ্বাস্য।