হুগলিতে বিশাল ইডি অভিযান! প্রাক্তন মন্ত্রীর বিলাসবহুল বাগানবাড়ি ঘিরে চরম চাঞ্চল্য!

চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের হুগলির সিঙ্গুরের বাগানবাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর হানা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিঙ্গুরের গ্রামীণ এলাকায় অবস্থিত ‘মোহর’ নামক ওই বিলাসবহুল বাগানবাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হঠাৎ উপস্থিতি স্থানীয় বাসিন্দাদের নজর কাড়ে। হঠাৎ কেন এই তল্লাশি অভিযান, তা নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় আট থেকে দশ বছর আগে সিঙ্গুরের ওই নির্দিষ্ট এলাকায় ফাঁকা জমি কিনে এই বাগানবাড়িটি তৈরি করেছিলেন ইন্দ্রনীল সেন। পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে তাঁর বিলাসবহুল গাড়ির কনভয় এবং বহু বিশিষ্ট মানুষের যাতায়াত লক্ষ্য করা যেত বলে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন। তবে ঠিক কী কারণে ইডি আধিকারিকরা আচমকা ওই বাগানবাড়িতে গিয়ে হানা দিলেন, সেখানে ঠিক কী ধরনের তল্লাশি চলছে কিংবা কোন কোন আর্থিক লেনদেন বা নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে, তা নিয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কোনো সরকারি তথ্য প্রকাশ্যে আসেনি। এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফেও এই অভিযান সম্পর্কে এই মুহূর্তে সুনির্দিষ্ট কোনো বক্তব্য জানানো হয়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যের একাধিক হেভিওয়েট নেতার সম্পত্তি ও আর্থিক দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় এজেন্সির নজর রয়েছে। তারমধ্যেই প্রাক্তন মন্ত্রীর এই বাগানবাড়িতে ইডি হানার ঘটনা নতুন করে রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়িয়ে দিয়েছে। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। ইডি আধিকারিকরা ভেতরে প্রবেশ করে ঠিক কী তথ্য সংগ্রহ করছেন এবং এই অভিযানের জেরে আগামী দিনে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।