‘তুমি সবথেকে সাহসী মেয়ে!’ অপরাধীকে কড়া সাজা দেওয়ার পর বিচারকের এই খোলা চিঠিতে কাঁপল দেশ!

আইনের কাঠখোট্টা পরিভাষার অদৃশ্য প্রাচীর ভেঙে এক নির্যাতিতা নাবালিকার দিকে ভালোবাসার এবং ভরসার হাত বাড়িয়ে দিলেন এক বিচারক। ধর্ষণের একটি লোমহর্ষক মামলায় অপরাধীকে আমৃত্যু কারাদণ্ডের কঠোর সাজা শোনানোর পর, বিচারক রায়দানের নথিতে ছোট্ট মেয়েটির উদ্দেশে এক অত্যন্ত সংবেদনশীল ও স্পর্শকাতর বার্তা পাঠিয়েছেন। দিল্লির রোহিণী আদালতের বিচারক রজনী রাঙ্গা এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে, ন্যায়বিচার কেবল শাস্তিদানেই সীমাবদ্ধ নয়, বরং তা শিশুর ভাঙা মনকে জোড়া লাগাতেও সক্ষম। অপরাধী যাতে আর কোনও দিন মুক্ত বাতাসে শ্বাস নিতে না পারে, তা সুনিশ্চিত করে বিচারক রায়ে লিখেছেন, “যে লোকটা তোমাকে কষ্ট দিয়েছে, সে আর কখনও ছাড়া পেয়ে ঘুরে বেড়াতে পারবে না। বাকি জীবন তাকে জেলেই বন্দি থাকতে হবে। জেলেই সে বৃদ্ধ হবে, জেলেই মারা যাবে।”

আদালত সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকা অভিযুক্তকে ‘কাকা’ বলে ডাকত। বিচার চলাকালীন সরল বিশ্বাসে আদালতের কাছে মেয়েটির আকুল আর্জি ছিল, তাকে কষ্ট দেওয়া ওই ‘কাকা’ যেন বুড়ো না হওয়া পর্যন্ত জেলেই বন্দি থাকে। একটি শিশুর সেই মর্মস্পর্শী আকুতি গভীরভাবে নাড়া দেয় বিচারক রজনী রাঙ্গাকে। ফলে চিরাচরিত আইনি ভাষার গণ্ডি পেরিয়ে, শিশুটির বোধগম্য সহজ ভাষায় রায়ের একাংশ সরাসরি তার উদ্দেশে লিখে দেন তিনি।

সাহসী মেয়েটিকে কুর্নিশ জানিয়ে বিচারক রায়ে আরও লিখেছেন, “তুমি হলে এই আদালতের দেখা সবচেয়ে সাহসী ছোট্ট মেয়ে। তুমি আদালতে এসেছ, যে তোমার ক্ষতি করেছে তার দিকে আঙুল তুলেছ এবং সত্যিটা বলেছ। যাকে তুমি ‘কাকা’ বলতে, সে তোমার সঙ্গে খুব খারাপ কাজ করেছিল। কিন্তু তুমি ভয় পেয়ে চুপ করে থাকোনি, নিজের মাকে সবটা জানিয়েছ। তোমার এই সাহসের জন্যই ওই লোকটা আর কোনও দিন কোনও শিশুর ক্ষতি করতে পারবে না।” কঠোর শাস্তির আশ্বাসের পাশাপাশি শিশুটিকে জীবনের নতুন আলোয় ফেরার পরামর্শ দিয়ে বিচারক যোগ করেন, “তোমার শৈশব হয়তো আদালত ফিরিয়ে দিতে পারবে না, তবে আদালত তোমাকে কথা দিচ্ছে যে, তোমার আবেদন মঞ্জুর হয়েছে। এ বার তুমি মুক্ত মনে স্কুলে যাও, বন্ধু তৈরি করো, হাসো, খেলো এবং নতুন করে স্বপ্ন দেখো।” নিম্ন আদালতের এই মানবিক বার্তাটি যাতে অবিলম্বে নির্যাতিতা নাবালিকা ও তার পরিবারের হাতে পৌঁছে যায়, তার জন্য উত্তর-পশ্চিম দিল্লির জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে (ডিএলএসএ) প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।