মুক্তির আগেই বড় বিপাকে ‘দৃশ্যম ৩’! অজয় দেবগনের ছবির প্রযোজনা সংস্থায় আচমকা আইকর হানা

বড়পর্দায় আসার ঠিক প্রাক্কালেই চরম আইনি ও আর্থিক জটিলতার মুখে এসে দাঁডাল অজয় দেবগন অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘দৃশ্যম ৩’। আগামী ২ অক্টোবর ছবিটির মুক্তির কথা থাকলেও, ঠিক তার আগে মুম্বইজুড়ে চাঞ্চল্যকর অভিযান চালাল আয়কর বিভাগ (Income Tax Department)। কেবল ছবিটির প্রযোজনা সংস্থাই নয়, একই সঙ্গে বলিউডের একাধিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যুক্ত বিভিন্ন ঠিকানায় এই ম্যারাথন তল্লাশি চালানো হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, এদিন মুম্বইয়ের মোট ১২টি ভিন্ন জায়গায় একসঙ্গে হানা দেয় আয়কর দফতরের তদন্তকারী দল। এই অভিযানের মূল কেন্দ্রবিন্দুতে ছিল প্রখ্যাত প্রযোজনা সংস্থা ‘প্যানোরমা স্টুডিওজ’, যার কর্ণধার কুমার মঙ্গত পাঠক। এই সংস্থাটিই ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ ছবিটি প্রযোজনা করেছে। শুধু তাই নয়, এর পাশাপাশি অভিনেত্রী রকুলপ্রীত সিং, তাঁর শ্বশুর তথা নামী প্রযোজক বাসু ভাগনানি এবং তাঁদের বিভিন্ন ব্যবসায়িক ও পারিবারিক সংস্থাসম্পর্কিত জায়গাতেও একযোগে তল্লাশি চালিয়েছেন আধিকারিকরা।
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, মূলত আর্থিক লেনদেনে অনিয়ম এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার অবৈধ আদান-প্রদানের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। ছবিতে যে বিশাল অংকের অর্থ বিনিয়োগ করা হয়েছে, তার উৎসের সঙ্গে বিদেশ থেকে আসা অর্থের কোনো যোগসূত্র রয়েছে কি না এবং সেখানে কোনো বেআইনি মানি লন্ডারিং বা ট্যাক্স ফাঁকির ঘটনা ঘটেছে কি না, তা অত্যন্ত সতর্কতার সঙ্গে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র ও ডিজিটাল ডিভাইস।
উল্লেখ্য, আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই সাসপেন্স থ্রিলার ছবিটির। ছবিতে অজয় দেবগন ছাড়াও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তব্বু, শ্রিয়া শরণ এবং জয়দীপ আহলাওয়াটের মতো তারকারা। ছবি মুক্তির ঠিক দোরগোড়ায় প্রযোজক ও সংশ্লিষ্ট মহলে এই আচমকা আয়কর হানার জেরে পুরো বলিপাড়ায় চরম শোরগোল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছবির ব্যবসায় এর কোনো নেতিবাচক প্রভাব পড়ে কি না, এখন সেটাই দেখার।