মাত্র ৮ লাখে শক্তিশালী ৭-সিটার গাড়ি! রেনল্ট ট্রাইবার টার্বো লঞ্চ হতেই মধ্যবিত্তের মুখে চওড়া হাসি

পরিবারের সকলকে নিয়ে লং ড্রাইভে যাওয়া কিংবা ফ্যামিলি ট্রিপের কথা ভাবলেই সবার আগে বাজেট এবং গাড়ির সিটিং ক্যাপাসিটির কথা মাথায় আসে। এই সমস্ত দিক বিচার করে ভারতীয় বাজারে রেনল্ট (Renault) লঞ্চ করল তাদের জনপ্রিয় ৭-সিটার এসইউভি ট্রাইবার-এর টার্বো পেট্রল ভার্সন। নতুন এই মডেলটি ‘ট্রাইবার 100PS’ নামে বাজারে আনা হয়েছে, যার এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ৭.৮৪ লক্ষ টাকা থেকে।
কেন এল এই নতুন ভ্যারিয়েন্ট?
এর আগে বাজারে যে ট্রাইবার মডেলটি বিক্রি হতো, তার ইঞ্জিন নিয়ে গ্রাহকদের মনে কিছু অভিযোগ ছিল। অনেকেই মনে করতেন যে গাড়িটিতে পর্যাপ্ত পাওয়ার বা শক্তি নেই। বিশেষ করে পরিবার বা বন্ধুরা মিলে একসঙ্গে গাড়িতে চড়লে কিংবা পাহাড়ি ও খাড়া রাস্তায় ওঠার সময় গাড়িটি পর্যাপ্ত পিকআপ দিতে পারত না। গ্রাহকদের সেই সমস্যার কথা মাথায় রেখেই এবার সম্পূর্ণ নতুন টার্বো পেট্রল ইঞ্জিন নিয়ে হাজির হয়েছে ফরাসি এই অটোমোবাইল প্রস্তুতকারক সংস্থা।
নতুন ইঞ্জিনের শক্তি ও পারফরম্যান্স
নতুন ট্রাইবার টার্বোতে দেওয়া হয়েছে ১.০ লিটারের তিন সিলিন্ডারের টিসিই (TCe) টার্বো পেট্রল ইঞ্জিন। এটি ১০০ পিএস পাওয়ার এবং ১৮০ এনএম টর্ক জেনারেট করতে সম্পূর্ণ সক্ষম। গাড়িটিতে ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স যুক্ত করা হয়েছে। উল্লেখ্য, আগের সাধারণ পেট্রল মডেলটিতে শুধুমাত্র ৭২ পিএস পাওয়ার এবং ৯৬ টর্ক মিলত। সংস্থার দাবি অনুযায়ী, নতুন এই গাড়িটি প্রতি ঘণ্টায় ২১ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারবে। রেনল্ট কাইগারের ক্ষেত্রে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল, এই গাড়িতেও সেটাই রয়েছে, তবে পারফরম্যান্স আরও উন্নত করতে বিশেষ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর ফলে এখন ওভারটেক করা বা পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে আর কোনো সমস্যা হবে না বলেই দাবি সংস্থার।
দাম ও বিভিন্ন ভ্যারিয়েন্ট
টার্বো ইঞ্জিনের এই গাড়িটি মূলত Evolution, Techno এবং Emotion ভ্যারিয়েন্টে বাজারে আনা হয়েছে। এর মধ্যে এভলিউশন ভ্যারিয়েন্টের দাম ৭.৮৪ লক্ষ টাকা, টেকনো ভ্যারিয়েন্টের দাম ৮.৫৩ লক্ষ টাকা এবং টপ এন্ড ইমোশন ভ্যারিয়েন্টের দাম ৮.৯৯ লক্ষ টাকা রাখা হয়েছে। এ ছাড়াও গাড়িটিতে রয়েছে ১৮২ মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ৫-সিটার কনফিগারেশনে ৬২৫ লিটার পর্যন্ত বিশাল বুট স্পেস। সঙ্গে ৮ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে-এর মতো আধুনিক সমস্ত ফিচার। কম বাজেটের মধ্যে যাঁরা একটি দুর্দান্ত ৭-সিটার ফ্যামিলি গাড়ি খুঁজছেন, তাঁদের জন্য এই নতুন রেনল্ট ট্রাইবার একপ্রকার সেরা বিকল্প হতে চলেছে।