শৌচাগার পরিষ্কারের জলই কাল! মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় গায়িকা-অভিনেত্রী

বিনোদন জগতে ফের নেমে এল গভীর শোকের ছায়া। অকালে প্রয়াত হলেন জনপ্রিয় সম্বলপুরী অ্যালবাম শিল্পী ও সংকীর্তন গায়িকা জেসমিন মাঝি। শৌচাগার পরিষ্কারের জন্য রাখা অ্যাসিড মিশ্রিত জল ভুলবশত পান করার ফলেই তাঁর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওড়িশার বোলাঙ্গির জেলার খাপরাখোল থানার অন্তর্গত ঘুচাপালি গ্রামের বাসিন্দা ছিলেন জেসমিন মাঝি। গত শুক্রবার তিনি নিজের বাড়িতে শৌচাগার পরিষ্কার করার জন্য রাখা অ্যাসিড মেশানো জল জলভ্রম করে পান করে ফেলেন। এর কিছুক্ষণের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হতে শুরু করে। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে খাপরাখোল মেডিকেল সেন্টারে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বোলাঙ্গিরের ভীমা ভোজী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তাঁর অবস্থার কোনো উন্নতি না হওয়ায় পরবর্তীতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বুরলার একটি বিশেষ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই শিল্পী। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।

Pratik Saha
  • Pratik Saha