ঘণ্টাকয়েকের মধ্যেই রাক্ষুসে হারিকেনের ল্যান্ডফল! প্রশান্ত মহাসাগরে একসঙ্গে তিন বিপদের আশঙ্কায় কাঁপছে বিশ্ব

বিশ্বজুড়ে আবহাওয়া পরিবর্তনের নতুন আশঙ্কার মাঝে এবার প্রশান্ত মহাসাগরের বুকে ফুঁসে উঠেছে দানবীয় হারিকেন ‘পোলো’। মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বাজা ক্যালিফোর্নিয়া উপকূলের দিকে ভয়ংকর গতিতে এগিয়ে চলেছে এই ক্রান্তীয় ঝড়। আবহাওয়াবিদদের আশঙ্কা, সোমবার রাতের মধ্যেই উপকূলে সরাসরি আছড়ে পড়তে পারে এই শক্তিশালী হারিকেন।

উপকূলের দিকে এগোতে থাকা পোলোর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। যদিও কিছুটা শক্তি হারিয়ে ঝড়টি কিছুটা দুর্বল হয়েছে, তবুও এর ধ্বংসাত্মক ক্ষমতা নিয়ে চরম উদ্বেগ বজায় রয়েছে। পূর্বাভাস বলছে, ল্যান্ডফলের সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১৩০ কিলোমিটার। এর জেরে সংশ্লিষ্ট উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি হড়পা বান এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের তীব্র আশঙ্কা করা হচ্ছে।

শুধু হারিকেন পোলোই নয়, বর্তমান স্যাটেলাইট চিত্রে প্রশান্ত মহাসাগরের বুকে আরও জোড়া ঘূর্ণি বা নিম্নচাপের সৃষ্টি হতে দেখা গেছে, যা আগামী দিনে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। একই সঙ্গে সুপার এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। কোথাও অতিবৃষ্টি তো কোথাও খরা—সবমিলিয়ে প্রকৃতির এই খামখেয়ালি আচরণে বিশ্ব জুড়ে শুরু হয়েছে বাড়তি সতর্কতা।

Pratik Saha
  • Pratik Saha