মোবাইল রিচার্জের নিয়মে বিরাট বদল! ডেটা ছাড়াই শুধু কল-এসএমএসের সস্তা প্ল্যান আনছে জিও-এয়ারটেল

মোবাইল রিচার্জের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই (TRAI)। নতুন এই নির্দেশিকার ফলে রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোনা আইডিয়া (Vi)-র মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে এবার থেকে ভয়েস কল ও এসএমএস-কেন্দ্রিক আরও বেশি প্রি-পেইড রিচার্জ প্ল্যান বাজারে আনতে হবে। অর্থাৎ, যেসব গ্রাহকদের মোবাইল ইন্টারনেটের প্রয়োজন নেই বা যাঁরা ওয়াই-ফাই ব্যবহার করেন, তাঁদের আর ডেটা সমেত রিচার্জ করার জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হবে না।
ট্রাই সূত্রে জানা গিয়েছে, মূলত প্রবীণ নাগরিক এবং কম ডেটা ব্যবহারকারী গ্রাহকদের কথা মাথায় রেখেই এই নতুন নিয়ম আনা হয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী, কোনো টেলিকম সংস্থা যদি ৩০ দিন বা তার কম মেয়াদের ভয়েস, এসএমএস ও ডেটাযুক্ত বিশেষ ট্যারিফ ভাউচার (STV) দেয়, তবে একই মেয়াদের শুধুমাত্র ভয়েস ও এসএমএসের জন্য আলাদা প্ল্যানও রাখতে হবে। পাশাপাশি, এই প্ল্যানগুলির দাম সংশ্লিষ্ট ডেটাযুক্ত প্ল্যানের তুলনায় যথেষ্ট কম রাখতে হবে, যাতে সাধারণ মানুষ নামমাত্র খরচে কেবল কথা বলা ও বার্তা পাঠানোর সুবিধা পেতে পারেন।
এর পাশাপাশি, টেলিকম সংস্থাগুলিকে অন্তত এমন একটি ভয়েস ও এসএমএস-only প্ল্যান রাখতে হবে, যা প্রতি মাসে একই তারিখে রিচার্জ বা রিনিউ করা সম্ভব। অনেক সময় দেখা যায়, ২৮ দিনের চক্রের কারণে বছরে ১৩ বার রিচার্জ করতে গিয়ে গ্রাহকদের বাড়তি অর্থ ব্যয় হয়। ট্রাইয়ের এই নতুন পদক্ষেপে সেই বাড়তি খরচ কমার পাশাপাশি গ্রাহকরা রিচার্জের ক্ষেত্রে আরও বেশি স্বাধীনতা ও বিকল্প পাবেন। টেলিকম বাজারে গ্রাহক স্বার্থ সুরক্ষিত রাখতে ট্রাইয়ের এই সিদ্ধান্ত অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।