“১০ সেকেন্ডের রিলই গদি উল্টে দিতে পারে!” অখিলেশের গোপন ক্লাসে ফাঁস ২০২৭ জয়ের আসল ছক

২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই নিজেদের ঘর গোছাতে শুরু করল সমাজবাদী পার্টি (এসপি)। বিশেষ করে বর্তমান ডিজিটাল যুগে কীভাবে টিভি বিতর্ক, সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমকে ব্যবহার করে প্রতিপক্ষ বিজেপিকে টেক্কা দেওয়া যায়, তার জন্য অভিনব কৌশল প্রণয়ন করছেন দলের জাতীয় সভাপতি অখিলেশ যাদব। এই লক্ষ্যেই শনিবার দলের মুখপাত্র ও প্রচারকদের নিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী এক হাই-ভোল্টেজ রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি।

“১০ সেকেন্ডের রিলই ভাবমূর্তি তৈরি বা নষ্ট করতে পারে”: বৈঠকে অখিলেশ যাদব স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, বর্তমান যুগে টিভি ডিবেটে বলা কথার চেয়েও তার ছোট ছোট অংশ বা সোশ্যাল মিডিয়া ভিডিওর প্রভাব অনেক বেশি। মুখপাত্রদের সতর্ক করে তিনি বলেন, “একটি মাত্র ১০ সেকেন্ডের ভিডিও ক্লিপ কিন্তু পুরো দলের ভাবমূর্তি গড়ে দিতে পারে, আবার মুহূর্তে তা মাটিতে মিশিয়েও দিতে পারে। তাই ক্যামেরার সামনে বা জনসমক্ষে একটি শব্দ উচ্চারণ করার আগেও একশো বার ভেবে বলতে হবে।”

সংবেদনশীল ধর্ম ও জাতিগত ইস্যুতে কথা বলার সময় চরম সংযম বজায় রাখার নির্দেশ দিয়ে তিনি আরও জানান, প্রতিটি বিষযেই কথা বলতে হবে এমন কোনো কথা নেই। অনেক সময় চুপ থাকাও রাজনৈতিকভাবে খুব বড় বার্তা দিতে পারে।

বিজেপির সঙ্গে যোগাযোগ রাখা নেতাদের কড়া হুঁশিয়ারি: শুধু মিডিয়া স্ট্র্যাটেজিই নয়, দলের ভেতরের বেসুরো সুর নিয়েও এই বৈঠকে অত্যন্ত কড়া অবস্থান নিয়েছেন অখিলেশ যাদব। সূত্রের খবর, কোনো নির্দিষ্ট নেতার নাম না করে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, দলের কোন কোন নেতা গোপনে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন, তার সমস্ত তথ্যই ওঁর কাছে রয়েছে।

হুঁশিয়ারির সুরে অখিলেশ বলেন, “যাঁরা দল ছাড়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এখনও সময় আছে। নিজের ইচ্ছেয় আগেই দল ছেড়ে দিন।” ২০২৭ সালের লড়াইয়ে যে কোনো ধরণের অন্তর্ঘাত বরদাস্ত করা হবে না, এই বার্তাই তিনি স্পষ্ট করে দিয়েছেন।

টিভি ডিবেট ও সোশ্যাল মিডিয়ার জন্য পেশাদার সাংবাদিক নিয়োগ: দলের মুখপাত্রদের দক্ষতা বাড়াতে বৈঠকে কেবল মুখের ভাষণেই সীমাবদ্ধ থাকেননি অখিলেশ। তাঁদের জন্য বিশেষ অডিও-ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের আয়োজন করা হয়। পুরোনো টিভি ডিবেটের ভিডিও ক্লিপ দেখিয়ে বুঝিয়ে দেওয়া হয়, অপ্রস্তুত অবস্থায় তথ্য ছাড়া বক্তব্য রাখলে কীভাবে দল বিপদে পড়তে পারে।

সবচেয়ে বড় চমক হলো, মিডিয়া ও সোশ্যাল মিডিয়া সেল পরিচালনায় সমাজবাদী পার্টি একজন অভিজ্ঞ নারী সাংবাদিককে বিশেষ দায়িত্বে এনেছে। তিনি এই বৈঠকে একটি বিশেষ উপস্থাপনা দেন। তাঁর মূল কাজ হবে বিজেপিকে রুখতে তথ্য-প্রমাণ ও গবেষণামূলক কনটেন্ট তৈরি করা এবং দলের মুখপাত্রদের প্রয়োজনীয় রেডি-মেড ফ্যাক্টস সরবরাহ করা।

ভুয়া সার্ভে ও গুজবে কান না দেওয়ার পরামর্শ: সামনে আসা নির্বাচনী ট্রেন্ড, বুথ ফেরত সমীক্ষা বা সামাজিক মাধ্যমের গুজবে কান না দেওয়ার জন্য নেতাদের পরামর্শ দিয়েছেন অখিলেশ। তিনি বলেন, “সমীক্ষা নিয়ে মাথা না ঘামিয়ে পজিটিভ এজেন্ডা নিয়ে মানুষের কাছে যান। প্রস্তুতি শক্ত হলে জয় সুনিশ্চিত।”

সব মিলিয়ে, অপ্রস্তুত বাকপটুতার বদলে তথ্যভিত্তিক জবাব এবং অনুশাসনের ওপর ভর করেই ২০২৭ সালের মসনদ দখলের লড়াইয়ে নামছে সমাজবাদী পার্টি।