বিগ বস বাংলায় এবার মারাত্মক ওয়াইল্ড কার্ড এন্ট্রি! মিস ওড়িশা অনুষ্কার পা রাখতেই ভোলবদল গৃহযুদ্ধে!

ড্রামা, লড়াই আর বিতর্ক— এই তিন উপাদানে এখন জমজমাট ‘বিগ বস বাংলা’-র অন্দরমহল। প্রতিযোগীদের প্রতি মুহূর্তের চাল চালনা ও সম্পর্কের নাটকীয় মোড়ে চড়চড় করে বাড়ছে শোয়ের টিআরপি (TRP)। সম্প্রতি ক্যাপ্টেন্সি টাস্কে সৃজলার চোট পাওয়ার ঘটনার পর থেকেই প্রতিযোগী নন্দিনীর বিরুদ্ধে চরম ক্ষোভ উগরে দিচ্ছেন দর্শকরা। সোশাল মিডিয়ায় তাঁকে শো থেকে বাদ দেওয়ার দাবি যখন তুঙ্গে, ঠিক তখনই এই সপ্তাহান্তে বিগ বসের ঘরে ফাটতে চলেছে মরসুমের সবচেয়ে বড় বোমা!
দর্শকদের সারপ্রাইজ দিতে ‘দাদার দরবারে’ হাজির হতে চলেছেন নতুন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী। টলিপাড়ার জোর গুঞ্জন, প্রতিযোগীদের কঠিন চ্যালেঞ্জ জানাতে ঘরে পা রাখছেন মডেল, ফ্যাশন জগতের পরিচিত মুখ তথা ‘স্প্লিটসভিলা’ খ্যাত সুন্দরী অনুষ্কা ঘোষ।
কে এই অনুষ্কা ঘোষ?
ফ্যাশন ও গ্ল্যামার ওয়ার্ল্ডের পরিচিত মুখ অনুষ্কা ২০২৫ সালে ‘মিস ওড়িশা’ খেতাব জয় করেছিলেন। কলকাতার ঐতিহাসিক আশুতোষ কলেজের এই প্রাক্তন ছাত্রী নিজের মেধা ও সৌন্দর্য দিয়ে গ্ল্যামার দুনিয়ায় নিজের আলাদা জায়গা তৈরি করেছেন। কেবল রূপেই নয়, মগজাস্ত্রেও তিনি বেশ ধারালো। নিজের স্পষ্টভাষী স্বভাবের জন্য অনুষ্কা বিনোদন জগতে বেশ চর্চিত।
ওলটপালট হবে ঘরের সমীকরণ!
বিগ বস প্রেমীদের মতে, অনুষ্কা ঘরে প্রবেশ করা মানেই ঘরের সমীকরণ এক নিমেষে বদলে যাওয়া। স্পষ্টবক্তা ও বুদ্ধিমতী হিসেবে পরিচিত অনুষ্কা যে কোনো রিয়্যালিটি শো-তে পা রাখার আগে নিজের চাল খুব সুক্ষ্মভাবে সাজান। ফলে তাঁর আগমনে ঘরের পুরোনো প্রতিযোগীরা যে বেশ চাপে পড়বেন, তা বলাই বাহুল্য।
উল্লেখ্য, ‘রোডিজ’ খ্যাত রাজবীর দে-র এন্ট্রির পর থেকেই বিগ বসের ঘরের আবহ অনেকটাই বদলে গিয়েছিল। ইতিমধ্যেই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন চারজন প্রতিযোগী। এবার এই নতুন সুন্দরীর আগমনে ঘরের খেলার মোড় কোন দিকে ঘোরে, এখন সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে দর্শকরা।