শাহরুখের সামনেই স্বামী রণবীরকে চরম খোঁচা আলিয়ার! পাল্টা জবাবে ফ্লপ ছবি নিয়ে কড়া কটাক্ষ ‘কিং খান’-এর

শাহরুখ খান, রণবীর কাপুর এবং আলিয়া ভাট— বলিউডের এই তিন মেগা তারকাকে এক ফ্রেমে দেখা যাওয়া মানেই সংবাদের শিরোনাম। কোনো সিনেমার প্রচার নয়, সম্প্রতি একটি জনপ্রিয় রড প্রস্তুতকারক ব্র্যান্ডের বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গেল এই ত্রয়ীকে। তবে শুধু বিজ্ঞাপন বললেই ভুল হবে, বিজ্ঞাপনের স্ক্রিপ্টে নিজেদের আইকনিক সিনেমার সংলাপ ও ফ্লপ চরিত্র নিয়ে যেভাবে ট্রোল করলেন তিন তারকা, তা দেখে হেসে লুটোপুটি খাচ্ছে গোটা নেটপাড়া।

বিজ্ঞাপনের দৃশ্য অনুযায়ী, অভিনেতা বিজেন্দ্র কালা তাঁদের তিনটি নতুন গল্প বা আইডিয়া দেওয়ার অনুরোধ করেন। আর সেই সুবাদেই শুরু হয় তিন তারকার এক মজাদার বাকযুদ্ধ।

ডন বনাম রকস্টার: বাকযুদ্ধে জমজমাট দৃশ্য

বিজ্ঞাপনের শুরুতেই শাহরুখ নিজের বিখ্যাত ‘ডন’ অবতারের প্রসঙ্গ তুলে বলেন, তাঁকে চারদিক থেকে ১২ দেশের পুলিশ ঘিরে ফেলেছে, কিন্তু তাঁর বাড়ি ভাঙতে পারছে না— কারণ বাড়িটি তৈরি এই কোম্পানির বিশেষ রড দিয়ে!

শাহরুখের কথা শেষ হতেই রণবীর কাপুর ডন সিনেমার স্টাইলেই কটাক্ষ করে বলেন, “ইস অ্যাড কো ঝেলনা মুশকিল হি নেহি, নামুমকিন হ্যায়।” এরপরই রণবীর নিজের কাল্ট ক্লাসিক ‘রকস্টার’ অবতার ফিরিয়ে এনে বলেন, এক রকস্টারের কনসার্টে দুনিয়া কেঁপে গেলেও স্টেজটি নড়েনি, কারণ সেটিও যে ওই রড দিয়েই তৈরি!

রণবীরকে ‘নাদান পরিন্দে’ খোঁচা, আলিয়াকে শাহরুখের পাল্টা তোপ!

রণবীরের এমন গম্ভীর ডায়ালগ শুনে এক মুহূর্ত চুপ থাকেননি তাঁর বাস্তব জীবনের স্ত্রী আলিয়া ভাট। রিয়েল লাইফ কেমিস্ট্রি বজায় রেখেই রণবীরকে হালকা ট্রোল করে আলিয়া বলে ওঠেন, “এই যে নাদান পরিন্দে, এবার বসে যা।”

এরপর আলিয়া নিজের আইডিয়া শোনান— এক মেয়ের ভাই জেলে বন্দি, কিন্তু কিছুতেই জেল ভাঙতে পারছে না কারণ জেলের রডগুলো বড্ড শক্ত! আলিয়ার এই ক্রিয়েটিভ আইডিয়া শোনার পর শাহরুখ খান সটান টিপ্পনি কেটে বলেন, “এইটা দেখার মতো ‘জিগরা’ কিন্তু কারওর নেই!” শাহরুখের এই সোজা কটাক্ষ যে আলিয়ার বক্স অফিসে ফ্লপ হওয়া ছবি ‘জিগরা’কে (Jigra) উদ্দেশ্য করেই, তা বুঝতে এক মুহূর্তও দেরি হয়নি ভক্তদের।

অবশেষে এই তারকাত্রয়ীকে একসাথে সেই বিজ্ঞাপনের হুক-স্টেপে নাচতে দেখা যায়। স্ক্রিনজুড়ে তাঁদের এই কমিক টাইমিং ও আত্ম-রসিকতা ইতিমধ্যেই ভাইরালের তকমা পেয়েছে। ভিডিওটি দেখে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরসহ অসংখ্য নেটিজেন কমেন্ট বক্সে হাসির ইমোজি উপচে দিয়েছেন।

বর্তমানে কাজের ব্যস্ততা

উল্লেখ্য, কাজের নিরিখে তিন তারকাই এখন চরম ব্যস্ত। শাহরুখ খানকে খুব শীঘ্রই দেখা যাবে সিদ্ধার্থ আনন্দের হাই-ভোল্টেজ অ্যাকশন থ্রিলার ‘কিং’ (King) ছবিতে। ২০২৩ সালের ‘ডাঙ্কি’-র পর এটিই তাঁর বড়পর্দায় ফেরা।

অন্যদিকে, নীতীশ তিওয়ারির বহুপ্রতীক্ষিত মহাকাব্যিক ছবি ‘রামায়ণ’-এ শ্রীরামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, যেখানে তাঁর বিপরীতে সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। পাশাপাশি সঞ্জয় লীলা বনশালির মেগা প্রোজেক্ট ‘লভ অ্যান্ড ওয়ার’-এও অভিনয় করছেন তিনি। আলিয়ার ঝুলিতেও রয়েছে ‘আলফা’ ও আদেশ প্রসাদের ‘তুম্বড় ২’-এর মতো একগুচ্ছ হাই-প্রোফাইল ছবি।