২০০০ টাকার নিচে ইউপিআই পেমেন্ট করেন? জেনেই রাখুন এনপিসিআই-এর এই বড় নিয়ম

ইউপিআই (UPI) পেমেন্টের উপর জিএসটি (GST) বসছে এবং এর জেরে ছোট ব্যবসায়ীদের মাথায় হাত পড়তে চলেছে—এমন একটি খবর বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল। অনেকেই আশঙ্কা প্রকাশ করছিলেন যে এই নিয়ম চালু হলে সাধারণ মানুষের ডিজিটাল পেমেন্ট করা অনেকটাই মহার্ঘ হয়ে যাবে। তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) সাফ জানিয়ে দিয়েছে যে এই খবর সম্পূর্ণ ভুয়ো।
খুচরো ডিজিটাল লেনদেনে করের কোনো প্রভাব পড়বে না বলে স্পষ্ট করে দিয়েছে এনপিসিআই। এক্স (X) হ্যান্ডেলে তারা জানিয়েছে, কিছু সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে যে ইউপিআই এমডিআর-এর (MDR) উপর জিএসটি চাপলে ছোট ব্যবসায়ীদের ক্ষতি হবে। এই দাবি একেবারেই ঠিক নয়।
নতুন নিয়ম অনুযায়ী, এমডিআর নিয়মটি শুধুমাত্র বড় অঙ্কের বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য করা হয়েছে। রোজকার সাধারণ ডিজিটাল কেনাকাটায় এর কোনো প্রভাব পড়বে না। এনপিসিআই জানিয়েছে, ২০০০ টাকার বেশি পিটুএম (P2M) বা পার্সন-টু-মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রেই শুধু এমডিআর প্রযোজ্য হবে। অন্যদিকে, ২০০০ টাকা পর্যন্ত লেনদেনে এমডিআর সম্পূর্ণ শূন্য রাখা হয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে, ইউপিআই-এর মাধ্যমে ব্যবসায়ীদের কাছে যত পেমেন্ট আসে, তার ৯৬ শতাংশেরও বেশি হয় ২০০০ টাকার নিচে। ফলে সিংহভাগ ইউপিআই পেমেন্টেই কোনো অতিরিক্ত খরচ বা করের প্রশ্ন নেই।
ছোট ব্যবসায়ী এবং যাঁদের লেনদেনের পরিমাণ কম, তাঁরাও এই নিয়মের বাইরে থাকছেন। যেসব ব্যবসায়ীর মাসে ইউপিআই পেমেন্ট নেওয়ার পরিমাণ ১ লক্ষ টাকা পর্যন্ত, তাঁদের কোনো এমডিআর দিতে হবে না। ফলে তাঁদের ক্ষেত্রে জিএসটি বা বাড়তি খরচের কোনো সম্ভাবনা নেই।
গত ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নিয়ম অনুযায়ী, ২০০০ টাকার বেশি ইউপিআই মার্চেন্ট লেনদেনে ০.৪ শতাংশ এমডিআর লাগবে এবং প্রতি লেনদেনে এর সর্বোচ্চ সীমা ৩০০ টাকা বেঁধে দেওয়া হয়েছে। তবে সবচেয়ে স্বস্তির বিষয় হলো, সাধারণ গ্রাহকরা আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে কোনো বাড়তি খরচ ছাড়াই ইউপিআই ব্যবহার চালিয়ে যেতে পারবেন।