১০০ দিনের কাজ অতীত! নামের সঙ্গে বদলাল নিয়মেও, এবার থেকে কত টাকা মজুরি পাবেন গ্রামীণ শ্রমিকরা?

গ্রামীণ কর্মসংস্থান নীতিতে ঐতিহাসিক পরিবর্তন এনে শতাব্দীপ্রাচীন মনরেগা (MGNREGA) ব্যবস্থাকে সম্পূর্ণ রূপান্তর করল কেন্দ্র সরকার। ২০২৫ সালের নতুন ‘বিকশিত ভারত–গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজিবিকা মিশন (গ্রামিন)’ বা VB-G RAM G আইন কার্যকর হয়েছে ১ জুলাই, ২০২৬ থেকে। কেন্দ্রের দাবি, এই নতুন ব্যবস্থায় কেবল কর্মসংস্থানের সুযোগ বাড়ানোই নয়, বরং গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন, জল সুরক্ষা এবং জলবায়ু-সহনশীল উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
নতুন সংশোধিত এই আইন অনুযায়ী, কাজের আইনি গ্যারান্টি ১০০ দিন থেকে বাড়িয়ে সোজা ১২৫ দিন করা হয়েছে। দেশের যেকোনো গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা অদক্ষ শারীরিক শ্রমের কাজ করতে চাইলে প্রতি আর্থিক বছরে এই বাড়তি কর্মসংস্থানের অধিকার পাবেন। এছাড়া নির্ধারিত সময়ে কাজ না দেওয়া হলে বেকারত্ব ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে।
নয়া মজুরি কাঠামো অনুযায়ী, কোনো রাজ্যেই দৈনিক মজুরি ৩০০ টাকার নিচে থাকবে না। ২০২৬ সালের সংশোধিত হারে জাতীয় গড় দৈনিক মজুরি বেড়ে হয়েছে প্রায় ৩২৭ টাকা ৪০ পয়সা, যা সরাসরি শ্রমিকের ব্যাঙ্ক বা পোস্ট অফিস অ্যাকাউন্টে ডিবিটি (DBT)-র মাধ্যমে পাঠানো হবে। পাশাপাশি, কৃষি মরসুমে কৃষিক্ষেত্রে শ্রমিকের ঘাটতি এড়াতে ৬০ দিনের একটি ‘Pause Window’ বা বিরতির ব্যবস্থা রাখা হয়েছে। সবমিলিয়ে গ্রামীণ ভারতের অর্থনৈতিক ছবি বদলাতে এই মেগা স্কিম এক বিরাট পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।