ভোটের আগেই বড় চমক মালদায়! কোন অঙ্কে কংগ্রেসকে হটিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করল পদ্মশিবির?

মালদার মানিকচক ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতে ঘটল এক নাটকীয় রাজনৈতিক পটপরিবর্তন। কংগ্রেসের হাত থেকে এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের আসন কেড়ে নিয়ে নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন বিজেপির রুম্পা ঘোষ মণ্ডল। সোমবার স্থানীয় রাজনৈতিক মহলে উত্তেজনার মধ্যেই এই ক্ষমতার পালাবদল সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন পঞ্চায়েতের মোট ১০ জন সদস্যের মধ্যে ৬ জন সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন। উপস্থিত এই সদস্যদের সর্বসম্মত সমর্থনেই নতুন প্রধান নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। কোনো ধরনের ভোটাভুটির প্রয়োজন না হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই বিজেপির রুম্পা ঘোষ মণ্ডলকে ধরমপুর পঞ্চায়েতের নতুন প্রধান হিসেবে ঘোষণা করা হয়।
এই রাজনৈতিক পালাবদলের পর থেকেই মালদা জেলার গ্রামীণ রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কীভাবে কংগ্রেসের দুর্গ ভাঙল বিজেপি এবং এর নেপথ্যে পঞ্চায়েতের অন্দরমহলে কী ধরনের সমীকরণ কাজ করেছে, তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। মানিকচকের এই বদল আগামী দিনে জেলার রাজনৈতিক ময়দানে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।