মশলা থেকে ডাল আর পেঁয়াজ! হু হু করে দাম বাড়ায় আমজনতার নাভিশ্বাস, কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন জয়রাম রমেশ

নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দামে বেহাল দশা গরিব ও মধ্যবিত্ত পরিবারের। মশলা থেকে শুরু করে ডাল, ভোজ্য তেল এবং পেঁয়াজের দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ জয়রাম রমেশ। অবিলম্বে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারের তরফে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন তিনি।

এক্স (X) হ্যান্ডেলে পরিসংখ্যান তুলে ধরে জয়রাম রমেশ জানান, গত এক মাসের ব্যবধানে মশলার দাম ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ছোট এলাচ প্রতি কেজি চার হাজার টাকা থেকে বেড়ে চার হাজার চারশো টাকা, বড় এলাচ দু’হাজার চারশো টাকা থেকে বেড়ে দু’হাজার আটশো টাকা এবং জিরে তিনশো ষাট টাকা থেকে বেড়ে চারশো টাকা প্রতি কেজি হয়েছে। পাশাপাশি জয়ত্রীর দাম আড়াই হাজার থেকে বেড়ে তিন হাজার টাকা হয়েছে। এছাড়া অড়হর ডাল, ছোলার ডাল ও বিউলির ডালের দামও চড়া। সরষের তেল ও সাফোলার দাম বাড়ার পাশাপাশি পেঁয়াজের দামেও আগুন লেগেছে। জুনের তুলনায় সেপ্টেম্বরের মধ্যে পেঁয়াজের গড় খুচরো দাম প্রায় ৮২ শতাংশ বেড়ে ৫৩ টাকার গণ্ডি পার করেছে।

এই লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা। তাঁর কটাক্ষ, সরকারের তরফ থেকে যে “আচ্ছে দিন” বা ভালো দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা আজ কোথায় হারিয়ে গেল? সাধারণ মানুষ যখন দিশাহারা, তখন সরকারের এই নিষ্ক্রিয়তা কেন— সেই প্রশ্ন তুলেই অবিলম্বে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন জয়রাম রমেশ।