মাত্র ৫ মিনিটের গুগল মিট! লহমায় ছাঁটাই পুরো ভারতীয় টিম, এক ধাক্কায় ৮০টি পরিবারের ভবিষ্যৎ অন্ধকারে

কর্মক্ষেত্রে অমানবিকতার এক চরম নজির গড়ল মার্কিন একটি কোম্পানি। সামান্য একটি গুগল মিট কলের মাধ্যমে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে প্রায় ৮০ জন ভারতীয় কর্মীকে চাকরি থেকে ছাঁটাই (Indians Layoffs) করার অভিযোগ উঠেছে। হঠাৎ করে এমন আকস্মিক সিদ্ধান্তে রীতিমতো হাহাকার শুরু হয়েছে চাকরি বাজারে। সোশ্যাল মিডিয়ায় এই চাঞ্চল্যকর খবর সামনে আসতেই তীব্র নিন্দা শুরু হয়েছে নেটপাড়ায়।
রেডিট (Reddit) প্ল্যাটফর্মে মুখ খুলে এক চাকরিহারা কর্মী জানিয়েছেন, আমেরিকার একটি ব্যাংকের কাস্টমার সাপোর্ট টিমের হয়ে তিনি কাজ করতেন। নির্দিষ্ট শিফটে বাড়ি থেকে কাজ করার সময় হঠাৎই সমস্ত ভারতীয় কাস্টমার সাপোর্ট টিমকে একটি জরুরি গুগল মিটে যুক্ত করা হয়। আর তারপর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তাঁদের জানিয়ে দেওয়া হয়, অবিলম্বে তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।
ওই কর্মীর আক্ষেপ, মাত্র কয়েক মিনিটের নোটিসে এক লহমায় ৮০টি পরিবারের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হয়েছে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে, ভারতীয় টিম থেকে নাকি কাঙ্ক্ষিত বা সন্তোষজনক ফল মিলছিল না। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই ছাঁটাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এমনকি যারা এক বছরের বেশি সময় ধরে সংস্থায় কাজ করছিলেন, তাঁদেরও মাত্র ১৫ দিনের মূল বেতন ধরিয়ে দেওয়া হয়েছে। কর্পোরেট দুনিয়ায় এই ধরনের আকস্মিক ও নিষ্ঠুর ছাঁটাইয়ের সংস্কৃতি নিয়ে এখন সর্বস্তরে প্রশ্ন উঠতে শুরু করেছে।