মোদির ছবিকে ৭৬ কেজি দুধ দিয়ে স্নান! ৭৬ জন পুরোহিতের আরতি, জন্মদিনে পাটনার এই কাণ্ড দেখলে চোখ কপালে উঠবে

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন ঘিরে দেশজুড়ে উন্মাদনার শেষ নেই। তবে অন্যান্য রাজ্যের তুলনায় পাটনার এক অভিনব আয়োজন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চরম শোরগোল ফেলে দিয়েছে। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও মঙ্গলকামনা করে পাটনার কালীঘাটে যে বিরাট যজ্ঞ ও পূজার আয়োজন করা হয়েছিল, তার দৃশ্য দেখে রীতিমতো চমকে গেছেন নেটিজেনরা। জন্মদিনের প্রাক্কালেই ৭৬ জন পুরোহিতের বৈদিক মন্ত্রোচারণ ও শঙ্খধ্বনির মাধ্যমে মোদির কাটআউটে ৭৬ কেজি দুধ ঢেলে করা হলো জমকালো ‘দুগ্ধাভিষেক’।
বুধবার পাটনার কালীঘাটে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিজেপি কর্মী ও অনুগামী। রীতিমতো ঢাকঢোল পিটিয়ে এবং ‘বার বার ইয়ে দিন আয়ে’ গান বাজিয়ে চলল উদযাপন। শুধু তাই নয়, বোরিং রোড চৌমাথার শিবমন্দিরে যজ্ঞ এবং কাটিহারে ৭৬ কাপ চা বিলির মতো নানা আকর্ষণীয় উদ্যোগও দেখা গেছে। সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণের পাশাপাশি ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
তবে এই জমকালো আয়োজনের ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। দেশের কোনো জীবিত নেতার ছবি বা প্রতিকৃতিতে এইভাবে দুধস্নান করানোর রীতি নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা। সোশ্যাল মিডিয়ায় একাংশের কটাক্ষ, জীবিত ব্যক্তিকে দেবতার আসনে বসানোর এই ট্রেন্ড আদতে কোন দিকে এগোচ্ছে? অনুরাগীরা যেখানে এই উদ্যোগকে জন্মদিনের এক অনন্য শ্রদ্ধা হিসেবে দেখছেন, সেখানেই বিরোধীরা এই নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। সব মিলিয়ে জন্মদিনের এই ঘটনা ঘিরে নেটপাড়ায় এখন চর্চা তুঙ্গে।