নির্দিষ্ট সময়ের আগেই জনগণনার প্রথম ধাপ সফল! রাজ্যবাসীর প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী

নির্ধারিত সময়সীমার আগেই রাজ্যে সম্পন্ন হলো জনগণনা বা সেনসাসের প্রথম ধাপের কাজ। গত ১৬ আগস্ট থেকে শুরু হওয়া ‘হাউস লিস্টিং ব্লক’ বা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শেষ করার জন্য ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। আর সেই নির্দিষ্ট ডেডলাইনের মধ্যেই রাজ্যের সমস্ত জেলা ও ব্লকে এই ফিল্ড ওয়ার্ক শতভাগ সফলভাবে সম্পূর্ণ হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা, ব্লক, পুরনিগম এবং পুরসভার মোট ১,৭৩,০৬৬টি হাউসলিস্টিং ব্লকের কাজ সফলভাবে শেষ করা হয়েছে। মোট ৩ কোটি ৬৯ লক্ষ প্রত্যাশিত সেনসাস হাউসের মধ্যে প্রায় ৩ কোটি ৬৮ লক্ষ ৩০ হাজার ১৫০টি বাড়ির তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে, যা লক্ষ্যমাত্রার প্রায় ৯৯.৭ শতাংশ। পাহাড়ি এলাকা থেকে শুরু করে সমতল ও নদীবেষ্টিত দুর্গম অঞ্চলে প্রতিকূল আবহাওয়াকে জয় করে হাজার হাজার এনুমেরেটর ও সুপারভাইজার যেভাবে এই কর্মযজ্ঞ সফল করেছেন, তার ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বাণীতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। সুনির্দিষ্ট পরিকল্পনা, প্রশাসনিক দক্ষতা এবং রাজ্যের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও আতিথেয়তার ফলেই এই রেকর্ড সময়ে এই বিরাট কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। জেলা প্রশাসন থেকে শুরু করে মাঠ স্তরের কর্মীদের এই নিরলস প্রচেষ্টাই প্রমাণ করে যে ঐক্যবদ্ধভাবে কাজ করলে পশ্চিমবঙ্গ সর্বদাই উৎকর্ষের নতুন মানদণ্ড তৈরি করতে পারে।