৭০ লাখি মাথার দাম নাকি সস্তা নাটক? মাসুদ আজহারকে নিয়ে পাকিস্তানকে তুলোধনা ভারতের!

কুখ্যাত জঙ্গি ও জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে ধরতে ৭০ লক্ষ পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করেছে পাকিস্তান। তবে ইসলামাবাদের এই পদক্ষেপকে সম্পূর্ণ ‘গিমিক’ বা লোকদেখানো নাটক বলে উড়িয়ে দিয়েছে ভারত। মঙ্গলবার ভারতের বিদেশ মন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে, ফাঁপা প্রতিশ্রুতি না দিয়ে পাকিস্তানের উচিত অবিলম্বে জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া।
সম্প্রতি পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (FIA) তাদের মোস্ট ওয়ান্টেড তালিকা আপডেট করেছে। সেই তালিকাতেই মাসুদ আজহারের মাথার দাম ৫০ লক্ষ থেকে বাড়িয়ে ৭০ লক্ষ পাকিস্তানি রুপি করা হয়েছে। দীর্ঘদিন ধরেই পুলওয়ামা হামলাসহ ভারতে একাধিক নাশকতার মাস্টারমাইন্ড এই জঙ্গি পাকিস্তানেই লুকিয়ে রয়েছে বলে ভারতীয় গোয়েন্দাদের কাছে নিশ্চিত তথ্য রয়েছে। সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্টে জানা গিয়েছে, সে বর্তমানে পাকিস্তানের সিন্ধ প্রদেশেই গা ঢাকা দিয়ে আছে।
পাকিস্তানের এই নতুন ঘোষণা প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কড়া ভাষায় জানান, এটি সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়ার একটি পুরোনো কৌশল মাত্র। তাঁর মতে, সন্ত্রাসবাদে মদতপুষ্ট দেশের কাছ থেকে এমন অন্তঃসারশূন্য ঘোষণা নতুন কিছু নয়। ভারত এই ধরনের কৌশলকে কোনো গুরুত্ব দেয় না। ফাঁকা আওয়াজ বন্ধ করে ইসলামাবাদকে সরাসরি জঙ্গিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে নয়াদিল্লি।