২০২৭ ইউপি নির্বাচন: সমাজবাদী পার্টি দিতে চায় ৭০ আসন, ১০৫-এ অনড় কংগ্রেস! জোটে ফাটল?

২০২৭ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন হতে এখনও প্রায় ছয় মাস বাকি রয়েছে, তবে ভোটের লড়াইয়ের আগেই বিরোধী জোটের অন্দরে আসন দখলের দড়িটানাটানি শুরু হয়ে গেছে। বিশেষ করে সমাজবাদী পার্টি (এসপি) এবং কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগির আলোচনা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। সূত্র মারফত জানা যাচ্ছে, সমাজবাদী পার্টি অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে কংগ্রেসকে প্রায় ৬০ থেকে ৭০টি আসন ছাড়ার কথা ভাবছে। প্রতিটি জেলার জাতিগত সমীকরণ, সাংগঠনিক শক্তি এবং জয়ের সম্ভাবনা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেই এই প্রাথমিক পরিকল্পনা তৈরি করা হচ্ছে।
ভবিষ্যতে টিকিট বণ্টন নিয়ে কোনো রকম অসন্তোষ এড়াতে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীদের তালিকাও চাওয়া হয়েছে। তবে এর বিপরীতে কংগ্রেসের দাবি বেশ চড়া। ২০১৭ সালের এসপি-কংগ্রেস জোটের ফর্মুলাকে সামনে রেখে কংগ্রেস এবার অন্তত ১০৫টি আসনে লড়ার দাবি তুলছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠ স্বাভাবিক, এসপি কেন কংগ্রেসকে ৬০-৭০টির বেশি আসন দিতে নারাজ এবং কংগ্রেস শেষ পর্যন্ত এই সমীকরণে রাজি হবে কি না।
জয়ের সম্ভাবনাই শেষ কথা, আসন সংখ্যা নয়
সমাজবাদী পার্টির অবস্থান স্পষ্ট—জোটের ক্ষেত্রে শুধু আসন সংখ্যা বা পুরোনো রেকর্ড বড় কথা নয়, বরং যে দলের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই আসনটিতে তাদেরই প্রাধান্য দেওয়া উচিত। এসপি সূত্রে খবর, রায়বেরেলি, লখনউ, গোরখপুর, বারাণসী, কানপুর ও প্রয়াগরাজের মতো গুরুত্বপূর্ণ জেলাগুলিতে আসন সমঝোতা নিয়ে টানটান আলোচনা চলছে। বিশেষ করে আমেঠি ও রায়বেরেলির মতো ঐতিহ্যবাহী আসনগুলিতে এসপি প্রতিটি জেলায় একটি করে আসন ছাড়ার কথা ভাবলেও, কংগ্রেসের দাবি অনেক বেশি। এখন দেখার শেষ পর্যন্ত এই দুই দল কীভাবে মধ্যপন্থা খুঁজে বের করে ২০২৭ সালের মহারণের প্রস্তুতি নেয়।