নিজের ভোটটাও পাননি! রাজস্থান পুরভোটে মাত্র ১টি ভোট পেলেন বিজেপি প্রার্থী, অলৌকিক কাণ্ড দেখল দেশ!

রাজস্থানের পৌরসভা নির্বাচনের ফলাফলে একের পর এক অবিশ্বাস্য ও চমকপ্রদ তথ্য সামনে উঠে আসছে। কংগ্রেসের শক্ত অবস্থানের পাশাপাশি বিরোধী হিসেবে আম আদমি পার্টি (AAP) এবং সিপিএম-এর উত্থান ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য তৈরি করেছে। তবে সব কিছুকে ছাপিয়ে এখন সংবাদের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন রাজস্থানের বিজেপি-র এক প্রার্থী। ভোট গণনার শেষে দেখা যায়, নিজের ওয়ার্ড থেকে তিনি ভোট পেয়েছেন মাত্র ১টি!
ভোট পেয়ে মাত্র ১, কী ঘটেছিল ১৩ নম্বর ওয়ার্ডে?
রাজস্থানের ডিডওয়ানা-কুচামন জেলার পর্বতসার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কৈলাসচাঁদ। ফলাফল প্রকাশ পেলে জানা যায়, কংগ্রেস প্রার্থী হিনা খানম ৩৭৬টি ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং নির্দল প্রার্থী রশিদ খান ১৯৫টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। আর বিজেপি প্রার্থী কৈলাসচাঁদের ঝুলিতে পড়েছে কেবল ১টি মাত্র ভোট!
এহেন অভাবনীয় ফলাফলের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে কৈলাসচাঁদ সংবাদ সংস্থা পিটিআই-কে জানান, “আমার নিজস্ব ভোট ছিল ১২ নম্বর ওয়ার্ডে, কিন্তু পার্টি আমাকে পাশের ১৩ নম্বর ওয়ার্ডে দাঁড় করায়। ফলে নিজের ভোট নিজেকে দেওয়ার সুযোগ ছিল না। ১৩ নম্বর ওয়ার্ডের দয়ালু কোনো একজন ব্যক্তি আমাকে ওই ১টি ভোট দিয়েছেন।” উল্লেখ্য, ২৫টি ওয়ার্ডের পর্বতসার পুরসভায় ১৩টি ওয়ার্ড জিতে ক্ষমতা দখল করেছে কংগ্রেস এবং ১২টি পেয়েছে বিজেপি।
পরিবার থাকা সত্ত্বেও ১টি ভোট! অদ্ভুত কাণ্ড আরও বহু জায়গায়:
শুধু কৈলাসচাঁদ একা নন, ধৌলপুরের ১৯ নম্বর ওয়ার্ড থেকে দাঁড়ানো বিজেপি প্রার্থী লক্ষ্মণ কোলীর অবস্থাও একই। তাঁর স্ত্রী, ছেলে, বৌমাসহ পুরো পরিবার ওই ওয়ার্ডেরই ভোটার হওয়া সত্ত্বেও তিনি মাত্র ১টি ভোট পেয়েছেন। অন্যদিকে নাগৌরের ১৫ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী মজীদ মহম্মদও পেয়েছেন মাত্র ১টি ভোট। আবার बालोতরা ৩ নম্বর ওয়ার্ডে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (RLP)-র প্রার্থী ওমপ্রকাশ খাতা খুলতেই পারেননি (০ ভোট) এবং সরাসরি ভোটচুরির অভিযোগ তুলেছেন।
উত্থান আপ-সিপিএমের, বিজেপির দুর্গে ধাক্কা:
রাজস্থান পুরভোটের সামগ্রিক ফল নজর কাড়ছে রাজনৈতিক বিশ্লেষকদের। যদিও রাজ্যের ৪,১৭৯টি ওয়ার্ডে জয় পেয়ে বিজেপি এগিয়ে রয়েছে এবং ৩,৬১৩টি ওয়ার্ডে জিতেছে কংগ্রেস, তবুও বহু জায়গায় পরিবর্তনের বার্তা স্পষ্ট।
রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের শক্ত ঘাঁটি বলে পরিচিত ঝালাওয়ারের পুর পরিষদ হাতছাড়া হয়েছে বিজেপির এবং তা গিয়েছে কংগ্রেসের দখলে।
বর্তমান মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নিজস্ব কেন্দ্র ভরতপুরে ফলাফল উল্টে দিয়ে ৬৫টি আসনের মধ্যে ৩৬টিতে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা।
রাজ্যজুড়ে নির্দলদের পাশাপাশি নজরকাড়া ফল করেছে আপ (৪২টি আসন), সিপিএম (৩৮টি আসন) এবং আরএলপি (৬৩টি আসন)।
সব মিলিয়ে রাজস্থানের এবারের পৌর নির্বাচন কেবল ক্ষমতা দখলের লড়াই নয়, বরং চরম নাটকীয়তা ও নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিল।