টাটা সন্সের স্বপ্নভঙ্গ! আইপিও আনা আটকাতে রিজার্ভ ব্যাঙ্কের কাছে গিয়েও খেল বড় ধাক্কা

শেয়ার বাজারে নথিভুক্ত না হয়ে একটি প্রাইভেট হোল্ডিং কোম্পানি হিসেবে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে চেয়েছিল টাটা সন্স (Tata Sons)। কিন্তু দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সেই আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে। ফলে টাটা গ্রুপের মূল এই সংস্থাকে বাধ্যতামূলকভাবে নিয়ম মেনে শেয়ার বাজারে আইপিও (IPO) আনতে হবে এবং নাম নথিভুক্ত করতেই হবে।

এর আগে টাটা সন্স স্বেচ্ছায় তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট সারেন্ডার করার আবেদন জানিয়েছিল, যাতে তাদের একটি অনিবন্ধিত কোর ইনভেস্টমেন্ট কোম্পানি (CIC) হিসেবে গণ্য করা হয়। টাটা ট্রাস্টের চেয়ারম্যান তথা টাটা সন্সের ডিরেক্টর নোয়েল টাটাও সংস্থাকে অনিবন্ধিত রাখার পক্ষেই সায় দিয়েছিলেন। এমনকি শেয়ার বাজারে নথিভুক্ত হওয়া এড়াতে তারা ২১ হাজার ৮১৩ কোটি টাকার ঋণও আগেভাগে শোধ করে দিয়েছিল। তবে আরবিআই-এর নিয়মানুযায়ী, ১ লক্ষ কোটি টাকার বেশি সম্পদের অধিকারী নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলোকে (NBFC) কঠোর নজরদারির আওতায় থাকতে হয়। বর্তমানে টাটা সন্সের সম্পদের পরিমাণ প্রায় ২.০১ লক্ষ কোটি টাকা, যা নির্ধারিত সীমার দ্বিগুণ।

আরবিআই পরিষ্কার জানিয়ে দিয়েছে, ঋণ শোধ করা সত্ত্বেও অন্তত পাঁচ বছর এই নিয়মের নজরদারিতে থাকতে হবে তাদের। এই সিদ্ধান্তে টাটার ওপর বড় ধাক্কা আসলেও, শাপুরজি পালোনজি গোষ্ঠী এই রায়কে স্বাগত জানিয়েছে। কারণ টাটা সন্সে তাদের ১৮.৩৭ শতাংশ অংশীদারিত্ব রয়েছে এবং শেয়ার বাজারে কোম্পানিটি তালিকাভুক্ত হলে তারা নিজেদের শেয়ার বিক্রি করে বড় অংকের সুবিধা পেতে পারে। এখন দেখার, এই পরিস্থিতিতে টাটা গ্রুপ পরবর্তী কী পদক্ষেপ নেয়।