কত কোটি টাকার মালিক বাগেশ্বর বাবা? ১৯-২০ কোটির সম্পত্তি দাবির নেপথ্যে আসল সত্যটা কী

দুর্গাপুজোর আগে বাংলার সংস্কৃতি ও খাদ্যাভ্যাস নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, যিনি ‘বাগেশ্বর বাবা’ নামেই দেশজুড়ে পরিচিত। হাওড়ার লিলুয়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানে পুজো প্যান্ডেলের আশেপাশে আমিষ খাবার বিক্রি বন্ধের আর্জি জানিয়ে তিনি নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তৈরি করেছেন। তাঁর এই মন্তব্যের জেরে বাংলায় তোলপাড় শুরু হওয়ার পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন এবং আর্থিক সামর্থ্য নিয়েও নতুন করে কৌতূহল তৈরি হয়েছে নেটপাড়ায়।
বিভিন্ন মিডিয়া রিপোর্ট ও সোশ্যাল মিডিয়ার দাবি অনুযায়ী, বাগেশ্বর বাবার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৯ থেকে ২০ কোটি টাকা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বিপুল অঙ্কের দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য অডিট করা আর্থিক হিসাব বা সরকারি নথি বা তথ্য প্রকাশ্যে নেই। ফলে এই পরিসংখ্যানগুলিকে নিছকই মিডিয়া এস্টিমেট বা আনুমানিক দাবি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ধর্মীয় অনুষ্ঠান এবং লক্ষ লক্ষ ভক্তের সমাগমের কারণে তাঁর আর্থিক লেনদেন নিয়ে নানা আলোচনা চললেও, সেই আয় সরাসরি ব্যক্তিগত সম্পত্তি হিসেবে গণ্য করা যায় না বলে জানাচ্ছে ওয়াকিবহাল মহল।