জোম্যাটোতে খাবার অর্ডার করলেই পকেট ফাঁকা! ক্যাশ অন ডেলিভারিতে চালু হলো নতুন অতিরিক্ত চার্জ

বাড়ি বসে খাবার অর্ডার করার অভ্যাস রয়েছে? তবে আপনার জন্য রইল এক বড় ধাক্কা। দেশের অন্যতম জনপ্রিয় ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোম্যাটো এবার ‘পে-অন-ডেলিভারি’ বা ক্যাশ অন ডেলিভারি ফিচারের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ বা মাশুল আদায় করা শুরু করেছে। যার ফলে খাবার অর্ডার করতে গেলে সাধারণ ক্রেতাদের আগের তুলনায় অনেকটাই বেশি টাকা খরচ করতে হবে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এই নতুন নিয়মটি কার্যকর করা হয়েছে। মাইক্রোব্লগিং সাইট এক্স (X)-এ ইতিমধ্যেই বেশ কয়েকজন ব্যবহারকারী এর স্ক্রিনশট শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া থ্রেড ও স্ক্রিনশট অনুযায়ী, এই ক্যাশ অন ডেলিভারি ফি হিসেবে সর্বনিম্ন ৫ টাকা থেকে শুরু করে কোথাও কোথাও ২১ টাকা, এমনকি ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত অতিরিক্ত চার্জ কাটা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই অতিরিক্ত চার্জ চালুর পেছনে মূলত দুটি জোরালো কারণ রয়েছে। প্রথমত, সংস্থার লাভ বা প্রফিট মার্জিন বাড়ানোর এটি একটি কৌশল। দ্বিতীয়ত, অনেক সময় ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করার পর শেষ মুহূর্তে তা বাতিল করে দেওয়া বা খাবার পৌঁছে দেওয়ার পর গ্রাহকদের একাংশের থেকে পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে নানা জটিলতা ও হয়রানির মুখোমুখি হতে হয় ডেলিভারি পার্টনারদের।

বিশেষজ্ঞদের ধারণা, ক্যাশ অন ডেলিভারিতে এই বাড়তি খরচ এড়াতে গ্রাহকদের বেশিরভাগই ভবিষ্যতে অনলাইন পেমেন্টের দিকে ঝুঁকতে বাধ্য করবেন। ফলে নতুন এই নিয়ম চালুর পর থেকে পকেট সামলে ফুড অর্ডারে অভ্যস্ত হতে হবে খাদ্যরসিকদের।