পুজোয় মাথায় হাত সুরাপ্রেমীদের! ১ অক্টোবর থেকে রাজ্যে হু হু করে বাড়ছে মদের দাম

দুর্গাপুজোর আনন্দ শুরুর আগেই সুরাপ্রেমীদের জন্য এক প্রকার বড় ধাক্কা নিয়ে এল রাজ্য সরকার। উৎসবের মরসুমের ঠিক দোরগোড়ায় রাজ্যে হু হু করে বাড়তে চলেছে সমস্ত ধরনের মদের দাম। আগামী ১ অক্টোবর থেকেই কার্যকর হতে চলেছে মদের নতুন মূল্য কাঠামো। শুধু তাই নয়, পুজোয় দাম বৃদ্ধির পাশাপাশি এবার দশমীর পাশাপাশি মহাষ্টমীর দিনও রাজ্যের সমস্ত মদের দোকান ও বার সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন বা বেভকোর তরফে প্রকাশিত সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশি মদ, বিয়ার, রিউম, হুইস্কি, ভদকা এবং আইএমএফএল (IMFL)-এর নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে সমস্ত ব্র্যান্ডকে নতুন কস্ট কার্ডের মাধ্যমে আবগারি দফতরে নতুন করে নাম নথিভুক্ত করতে হবে। উৎপাদক সংস্থাগুলিকে গত ৩০ জুন পর্যন্ত নির্ধারিত সর্বভারতীয় সর্বনিম্ন মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন দাম ঠিক করতে বলা হয়েছে, যাতে যথেচ্ছভাবে দাম বাড়ানো না যায়। তবে উৎসবের আবহে রাজ্যের রাজস্ব বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

মদের দোকান খোলা বা বন্ধ রাখা নিয়ে সাম্প্রতিক সময়ে রাজ্য রাজনীতিতেও বেশ জলঘোলা হয়েছে। কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন যে, দুর্গাপুজোর অষ্টমীর দিন রাজ্যের কোনো মদের দোকান বা বার খোলা থাকবে না। এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হলেও রাজ্য প্রশাসনের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত বছর পুজোয় সমস্ত রেকর্ড ভেঙে শুধু পূর্ব মেদিনীপুর জেলা থেকেই চার দিনে প্রায় সাড়ে তেত্রিশ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। তবে এবারের পুজোয় একদিকে অষ্টমীতে দোকান বন্ধ থাকা এবং অন্যদিকে অক্টোবরের শুরুতেই নতুন দামে মদ কিনতে হওয়ায় সুরাপ্রেমীদের পকেটে যে বড়সড় টান পড়তে চলেছে, তা বলাই বাহুল্য।