‘ইয়ে দোস্তি হাম নেহি…’ রাশিয়া থেকে উড়ে আসা পুতিনের সেই বিশেষ গাড়িতে ফের চড়লেন মোদী, গেলেন কোথায়?

কূটনীতির আলোচনা মানেই সাধারণত গোল টেবিল আর বন্ধ দরজার ওপারে দীর্ঘ বৈঠক। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষেত্রে সেই চিরাচরিত ছবিটা যেন বারবার বদলে যায়। নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন শুরুর আগেই ফের একবার বিশ্ব দেখল দুই নেতার অনন্য ‘কারপ্লোমেসি’। দ্বিপাক্ষিক বৈঠক শেষে পুতিনের উড়িয়ে আনা বিশেষ বিলাসবহুল গাড়ি— অরাস সেনাট লিম্যুজিনে (Aurus Senat limousine) চেপে দুই বন্ধু রওনা দিলেন ভারত মণ্ডপমের উদ্দেশ্যে। এর আগেও গত বছর চিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে মোদিকে ঠিক এভাবেই পুতিনের গাড়িতে চড়ে যাতায়াত করতে দেখা গিয়েছিল।

এদিনের এই মেগা বৈঠকের শুরুতেই কূটনীতির পাশাপাশি বন্ধুত্বের এক সুন্দর নিদর্শন রাখেন ভারতীয় প্রধানমন্ত্রী। রুশ প্রেসিডেন্টকে তিনি উপহার দেন প্রাচীন তামিল কবি তিরুভল্লুভারের অমর সৃষ্টি ‘তিরুক্কুরাল’-এর একটি রুশ অনুবাদ। মোদি জানান, দুই হাজার বছর আগের এই প্রাচীন দর্শন রুশ ভাষায় অনুদিত হওয়ায় দুই দেশের সাধারণ মানুষের মানসিক ও সাংস্কৃতিক দূরত্ব আরও কমবে এবং পারস্পরিক সম্পর্ক নতুন উচ্চতা পাবে।

উপহার বিনিময়ের পর দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই রাষ্ট্রনেতা। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির কথা মাথায় রেখে ভারত ও রাশিয়ার কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। সেইসঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য, শক্তি উৎপাদন, পরমাণু সহযোগিতা এবং প্রতিরক্ষা ক্ষেত্রকে আরও মজবুত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মস্কো যেহেতু ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু ও অন্যতম প্রধান সামরিক অস্ত্র সরবরাহকারী এবং ভারতের একটি বড় অংশের তেল আমদানির উৎস, তাই এই বৈঠক আন্তর্জাতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।