মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরেও এই পরিণতি কেন? দুধিয়ায় বিপর্যয়ে থমকে গেল পাহাড়ের যাতায়াত

দার্জিলিং পাহাড়ে ফের প্রকৃতি তার রুদ্ররূপ ধারণ করল। একটানা অতিবৃষ্টির জেরে আজ ভোরে ধস ও জলের তোড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল দুধিয়ার হিউম পাইপ ব্রিজ। আজ ভোর চারটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। এর ফলে শিলিগুড়ির সঙ্গে মিরিকের সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা এবং পর্যটকরা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত কিছুদিন আগেই অতিবৃষ্টির কারণে এই এলাকার মূল ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময় মিরিক ও শিলিগুড়ির যোগাযোগ রক্ষা করতে ভারতীয় সেনা এবং পূর্ত দফতর (PWD) যৌথভাবে একটি বেইলি ব্রিজ নির্মাণ করে। স্বয়ং মুখ্যমন্ত্রী সেই বেইলি ব্রিজের উদ্বোধন করেছিলেন। তবে সেই সেতুটির ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা ছিল এবং তা সম্ভবও ছিল না। এই সমস্যার স্থায়ী সমাধানের বিকল্প হিসেবেই প্রশাসনের তরফ থেকে পরে হিউম পাইপ ব্রিজটি তৈরি করা হয়েছিল। কিন্তু আজ ভোরে অতিরিক্ত বৃষ্টির জেরে জলের তোড়ে সেই হিউম পাইপ ব্রিজটিই ভেঙে পড়ে।
হঠাৎ এই সেতু ভেঙে পড়ার কারণে সকাল থেকেই ওই রুটে সমস্ত ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। পাহাড়ি রাস্তায় যাতায়াতকারী সাধারণ মানুষ এবং পণ্যবাহী গাড়িগুলো মাঝপথেই আটকে পড়েছে। অনেক পর্যটকও গন্তব্যে পৌঁছতে না পেরে সমস্যায় পড়েছেন। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। যুদ্ধকালীন তৎপরতায় ব্রিজটি মেরামতের কাজ শুরু করার চেষ্টা চলছে। তবে লাগাতার বৃষ্টির কারণে উদ্ধার ও মেরামতের কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বিকল্প রাস্তার সন্ধান করা হচ্ছে এবং দ্রুত যাতায়াত সচল করার আশ্বাস দেওয়া হয়েছে।