ট্রাম্পের বিজ্ঞাপনে ‘মিস্টার সিং’! ভারতীয়দের অপমান করে খেপিয়ে তুলল আমেরিকা?

মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিতর্কিত অভিবাসনবিরোধী প্রচার ঘিরে বিশ্বজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়াল। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (DHS) সম্প্রতি একটি নতুন বিজ্ঞাপন প্রকাশ্যে এনেছে, যেখানে ‘মিস্টার সিং’ (Mr Singh) সম্বোধন ব্যবহার করে সরাসরি ভারতীয় এবং দক্ষিণ এশীয়দের নিশানা করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। জনপ্রিয় হলিউড সিনেমা ‘ট্রান্সফর্মার্স’-এর চরিত্র ব্যবহার করে তৈরি এই পোস্টার এবং এআই (AI) ভিডিওটি নিয়ে এখন আন্তর্জাতিক কূটনৈতিক ও সামাজিক মহলে বিতর্কের ঝড় উঠেছে।
সামাজিক মাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত ওই পোস্টারে দেখা যাচ্ছে, ‘ট্রান্সফর্মার্স’-এর বিখ্যাত চরিত্র অপটিমাস প্রাইম এক দাড়িওয়ালা ও মাথায় ব্যান্ডানা পরা বাদামি চামড়ার ব্যক্তির মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। পোস্টারের গায়ে স্পষ্ট হরফে লেখা— “Get off our roads, you don’t know how to drive, Mr Singh” (আমাদের রাস্তা থেকে সরে দাঁড়ান, আপনি গাড়ি চালাতে জানেন না, মিস্টার সিং)। মূলত অবৈধ অভিবাসীদের আমেরিকায় স্ব ইচ্ছায় দেশ ছাড়ার জন্য ট্রাম্প প্রশাসনের চালু করা ‘Self-deport or find out’ কর্মসূচির প্রচার হিসেবেই এই বিতর্কিত বার্তাটি প্রচার করা হচ্ছে।
শুধু পোস্টারই নয়, ডিএইচএস একটি এআই-নির্মিত ছোট ভিডিও প্রকাশ করেছে, যেখানে ট্রাকচালক হরজিন্দর সিং, রাজিন্দর কুমার এবং জসবীর সিং-এর মতো একাধিক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির নাম তুলে ধরা হয়েছে। এর বিরুদ্ধে আমেরিকায় বসবাসকারী হিন্দু আমেরিকান ফাউন্ডেশন (HAF) এবং শিখ কোয়ালিশনের মতো প্রবাসী সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের বক্তব্য, যুক্তরাষ্ট্রে পরিবহণ শিল্পে বহু শিখ সদস্য যুক্ত এবং এইভাবে ধর্মীয় ও জাতিগত পরিচয়ের ভিত্তিতে ভারতীয়দের অপমান করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।