ইনস্টাগ্রামে বিদেশে চাকরির টোপ! নিউমার্কেটের হোটেল থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হাওড়ার ছাত্রী

ইনস্টাগ্রামের বন্ধুত্ব এবং বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতির ফাঁদে পা দিয়ে চরম বিপদের মুখে পড়ল হাওড়ার জগৎবল্লভপুরের এক স্কুলছাত্রী। কলকাতা শহরের প্রাণকেন্দ্র নিউ মার্কেট এলাকার একটি হোটেল থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার নেপথ্যে একটি বড়সড় সাইবার অপরাধ চক্রের হাত রয়েছে বলে জোরালো অনুমান তদন্তকারীদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৭ সেপ্টেম্বর স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই ছাত্রী। তারপর থেকেই তাঁর আর কোনও খোঁজ মিলছিল না। পরিবারের সদস্যরা থানায় নিখোঁজ ডায়েরি করার পাশাপাশি জানান যে, ছাত্রীটি বাড়ি থেকে বেরোনোর সময় তাঁর সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে গিয়েছিলেন। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সোশ্যাল মিডিয়ায় সাইবার অপরাধীদের একটি চক্রের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। বিদেশে উচ্চশিক্ষা বা চাকরির স্বপ্ন দেখিয়ে এবং নানা তথ্য হাতিয়ে নিয়ে ওই কিশোরীকে সুপরিকল্পিতভাবে ফাঁদে ফেলেছিল অভিযুক্তরা।

পরিবারের দাবি, বাড়ি থেকে বেরোনোর সময় ছাত্রীর কাছে কোনও টাকা ছিল না। পরে বন্ধুদের কাছ থেকে কিছু টাকা ধার করে তিনি একটি সরকারি বাসে চেপে কলকাতায় আসেন। এর পর নিউ মার্কেট এলাকার ওই হোটেলটিতে তাঁকে বন্দি করে রাখা হয় বলে অভিযোগ। সাইবার অপরাধীরা ছাত্রীর পরিবারের কাছে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল বলেও পুলিশের প্রাথমিক অনুমান।

খবর পাওয়ার পরই তৎপর হয় পুলিশ। সাইবার সেল ও স্থানীয় থানার যৌথ অভিযানে ওই হোটেল থেকে হাত-পা বাঁধা অবস্থায় কিশোরীকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সেখান থেকে চম্পট দিতে সক্ষম হয়। বর্তমানে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং এই ধরনের ডিজিটাল প্রতারণার ফাঁদ নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।