পাকিস্তানকে থোড়াই কেয়ার! মোদীর ডাকে সাড়া দিয়ে ৭ বছর পর ভারতে আসছেন শি জিনপিং, নেপথ্যে কোন মহা সমীকরণ?

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নয়াদিল্লিতে বসতে চলা ১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পাকা খবর জানাল বেজিং। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের মাটিতে পা রাখতে চলেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ২০২০ সালের গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সীমান্ত সংঘাতের পর ভারত-চিন সম্পর্কে নজিরবিহীন শীতলতা তৈরি হয়েছিল। দীর্ঘ সাত বছর পর চিনা রাষ্ট্রপ্রধানের এই প্রথম ভারত সফর আন্তর্জাতিক ভূরাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সু ফেইহং নিশ্চিত করেছেন যে, সমস্ত জল্পনা উড়িয়ে প্রেসিডেন্ট শি ব্রিকস সম্মেলনে অংশ নিতে রাজধানীতে আসছেন। এর আগে চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র এই সফর নিয়ে রাখঢাক করলেও শেষমেশ বেজিংয়ের তরফে আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসে। সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের পাশাপাশি শি জিনপিংয়ের উপস্থিতি এই মঞ্চকে আরও বেশি ওজনদার করে তুলেছে।

উল্লেখ্য, শি জিনপিং এর আগে ২০১৯ সালে চেন্নাইয়ের মামাল্লাপুরমে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে যোগ দিতে ভারত এসেছিলেন। ২০১৪ ও ২০১৬ সালে যথাক্রমে দিল্লি ও গোয়ার ব্রিকস সম্মেলনেও তিনি অংশ নিয়েছিলেন। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্রিকস জোট বিশ্বের মোট জনসংখ্যার প্রায় সাড়ে উনচল্লিশ শতাংশ এবং বৈশ্বিক জিডিপির প্রায় ৪০ শতাংশের প্রতিনিধিত্ব করে। অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্কের এই বরফ গলা এশিয়া তথা বিশ্ব রাজনীতিতে নতুন কোনো মোড় নেয় কি না, এখন সেটাই দেখার।