অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে বিস্ফোরক মদন! ‘নিউ জার্সির হাভেলি’ ও সুমিতের গ্রেফতারি নিয়ে তুললেন ঝড়

শালবনি জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের গ্রেফতারির পরেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র শোরগোল। ঠিক এই প্রেক্ষাপটেই দলেরই শীর্ষ নেতৃত্ব তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর এবং বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে বেসুরো ও বিস্ফোরক মন্তব্য করে বসল কামারহাটির বিধায়ক মদন মিত্র।

চোখের চিকিৎসার জন্য গত ৩ সেপ্টেম্বর তিন সপ্তাহের জন্য বিদেশে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বর্তমানে আমেরিকার নিউ জার্সির লং আইল্যান্ডে রয়েছেন। বিধানসভা চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গ টেনেই বেনজির আক্রমণ শানিয়েছেন মদন। তাঁর দাবি, নিউ জার্সির লং আইল্যান্ড অত্যন্ত ব্যয়বহুল এবং অভিজাত এলাকা, যেখানে পৃথিবীর সব উচ্চবিত্তরা বসবাস করেন। সেখানে একটি বিলাসবহুল ভিলা বা প্যালেস ভাড়া নিয়ে অভিষেক অবস্থান করছেন বলে দাবি করেছেন তিনি।

একদিকে যখন চার্টার্ড ফ্লাইটে বিদেশ ভ্রমণ এবং অন্যদিকে সুমিত রায়ের মতো ঘনিষ্ঠ সহকারীর গ্রেফতারি—এই দুইয়ের ফারাক টানতে গিয়ে তীব্র কটাক্ষ করেছেন মদন মিত্র। তাঁর মন্তব্য, একদিকে সাধারণ মানুষ যখন নানা সমস্যায় জর্জরিত, তখন অন্যপ্রান্তে এমন উচ্চবিত্ত লাইফস্টাইল চলছে। অভিষেকের বিদেশ যাত্রার ঠিক পরেই তাঁর বাড়ির সাধারণ সম্পাদক তথা আপ্তসহায়ক সুমিত রায়ের গ্রেফতারি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। শাসক দলের অন্দরেই এই ধরনের মন্তব্য ঘিরে এখন জোর চর্চা শুরু হয়েছে।