লাল টুপি ছেড়ে এবার নীল টি-শার্ট! ২০২৭-এর মহারণে অখিলেশ যাদবের কোন নতুন মাস্টারস্ট্রোক?

উত্তরপ্রদেশের রাজনীতিতে দীর্ঘকাল ধরে সমাজবাদী পার্টির প্রধান পরিচয় হিসেবে লাল টুপি এবং লাল রঙের ব্যবহার হয়ে এসেছে। কিন্তু আসন্ন ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক বড় কৌশলগত পরিবর্তন আনতে চলেছেন এসপি সুপ্রিমো অখিলেশ যাদব। দলীয় ঐতিহ্য বজায় রেখেই এবার লালের পাশাপাশি নীল রঙকে নিজেদের রাজনৈতিক সমীকরণে যুক্ত করছে সমাজবাদী পার্টি। বিশেষ করে দলটির ছাত্র শাখার পোশাক বিধিতে বড় পরিবর্তন এনে কর্মীদের এখন থেকে নীল টি-শার্ট ও জিন্স পরার নির্দেশ দেওয়া হয়েছে।
সংবিধানের স্থপতি বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকর এবং দলিত চেতনার প্রতীক হিসেবে নীল রঙকে দেখা হয়। রাজনৈতিক মহলের মতে, এসপি-র এই নতুন পদক্ষেপটি মূলত তাদের ‘পিডিএ’ ফর্মুলার ‘ডি’ অর্থাৎ দলিত ভোটব্যাঙ্ক এবং আজকের জেন-জি প্রজন্মকে একসঙ্গে নিজেদের দলের দিকে টানার একটি সুচিন্তিত কৌশল। এর আগে খোদ অখিলেশ যাদব এবং শিবপাল সিং যাদবকেও বিভিন্ন অনুষ্ঠানে নীল স্কার্ফ পরে থাকতে দেখা গেছে, যা এই পরিবর্তনের ইঙ্গিত আগেই দিয়েছিল।
সূত্রের খবর অনুযায়ী, লখনউতে দলের সদর দফতরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন ইউনিফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করতে চলেছেন অখিলেশ যাদব। এই ঐতিহাসিক মুহূর্তটির সাক্ষী থাকতে রাজ্যজুড়ে শত শত দলীয় কর্মী, বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র ইউনিয়নের বর্তমান ও প্রাক্তন সভাপতি এবং বিশিষ্ট ছাত্রনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বিএসপি-র মূল ভোটব্যাঙ্কে থাবা বসাতেই অখিলেশ যাদবের এই নতুন চাল উত্তরপ্রদেশের রাজনীতিতে আগামী দিনে এক নতুন মেরুকরণের জন্ম দিতে পারে।