পড়শিদের গোপন কথাই তাঁর সোনাদানা! গসিপ বেচেই দু’টি বাড়ির মালিক ৬৭ বছরের বৃদ্ধা!

কারও কাছে গসিপ বা কানাঘুষো মানেই নিছক সময়ের অপচয় কিংবা আড্ডার খোরাক। কিন্তু সেই গসিপকেই আয়ের মোক্ষম হাতিয়ার বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন কলম্বিয়ার ৬৭ বছরের এক মহিলা। প্রতিবেশীদের ব্যক্তিগত তথ্য, সম্পর্কের গোপন গোপনীয়তা বা নানা স্ক্যান্ডাল বিক্রি করেই তিনি এখন রীতিমতো লাখপতি এবং দু’টি বাড়ির মালকিন!
কলম্বিয়ার এই মহিলার নাম মিরিয়াম, যিনি স্থানীয় এলাকায় ‘প্রফেশনাল চিসমোসা’ (Professional Chismosa) বা পেশাদার গসিপ গার্ল হিসেবে পরিচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই অদ্ভুত ও চমকপ্রদ ব্যবসার কথা প্রকাশ করে তিনি জানান, কীভাবে মানুষের মুখ বন্ধ রাখা বা তথ্য ফাঁস করার ব্যবসা করে তিনি নিজের ভাগ্য বদলে ফেলেছেন।
কীভাবে চলে এই ব্যবসা? মিরিয়ামের ব্যবসার কৌশলও বেশ অভিনব। নিজের বাড়ির বারান্দায় বা বাইরে বসে তিনি আশপাশের মানুষের টুকরো টুকরো কথোপকথন অত্যন্ত মন দিয়ে শোনেন। হাতে থাকে একটি বিশেষ নোটবুক, যেখানে সমস্ত তথ্য লিখে রাখেন তিনি। এমনকি তথ্য প্রমাণের জন্য তাঁর কাছে রয়েছে ছবি ও নানা উপকরণের সংগ্রহ। তথ্য বা গোপনীয়তার গুরুত্ব অনুযায়ী তাঁর রেটও আলাদা। সাধারণ খবরের জন্য ৫ হাজার থেকে ১০ হাজার কলম্বিয়ান পেসো নিলেও, পরকীয়া বা স্পর্শকাতর তথ্যের ক্ষেত্রে সেই অঙ্ক লাখ টাকায় গিয়ে ঠেকে।
অনেকেই নিজেদের ব্যক্তিগত কেলেঙ্কারি বা গোপন কথা পরিবার ও সঙ্গীর থেকে লুকাতে তাঁকে মোটা টাকা দিয়ে থাকেন। আর এই অভিনব পেশাকে সম্বল করেই তিনি জীবনের সমস্ত সফলতা অর্জন করেছেন বলে দাবি করেছেন এই বর্ষীয়ান মহিলা।