টানা ২৫ বছর কুর্সিতে মোদি! ঐতিহাসিক মাইলফলক ছুঁতে বাংলায় বিরাট মাস্টারপ্ল্যান বিজেপির

ভারতের রাজনৈতিক ইতিহাসে এক বিরল ও অনন্য মাইলফলক ছুঁতে চলেছেন নরেন্দ্র মোদি। ২০০১ সালের ৭ অক্টোবর প্রথম গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে টানা ২৫ বছর পূর্ণ করতে চলেছেন তিনি। আগামী ৭ অক্টোবর তাঁর এই প্রশাসনিক জীবনের রজতজয়ন্তী উদযাপিত হবে। এই ঐতিহাসিক উপলক্ষকে সামনে রেখে দেশজুড়ে বড় কর্মসূচি ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচি ও তার রূপরেখা প্রকাশ্যে আনেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনের দিন থেকেই এই বিশেষ কর্মসূচি সূচনা করা হচ্ছে, যা একটানা চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। এই এক মাসের দীর্ঘ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘প্রধানমন্ত্রী সেবা সংকল্প অভিযান’। এই অভিযানের মূল লক্ষ্য হলো নরেন্দ্র মোদির দীর্ঘ রাজনৈতিক জীবন এবং তাঁর হাত ধরে শুরু হওয়া বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের বিস্তারিত তথ্য বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। একই সঙ্গে রাজ্যবাসীর সামনে এই বিষয়টিও তুলে ধরা হবে যে, বিগত ১২ বছর ধরে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার থাকার কারণে বাংলার সাধারণ মানুষ কেন্দ্রের ঠিক কোন কোন গুরুত্বপূর্ণ প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন।

রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, দেশে অতীতে বহু প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী এসেছেন, তবে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটানা ২৫ বছর সর্বোচ্চ প্রশাসনিক পদে থাকার বিরল গৌরব একমাত্র নরেন্দ্র মোদিরই রয়েছে। এই বিশেষ অভিযানকে সফল করতে জেলা নেতৃত্বকে ৯ ও ১০ সেপ্টেম্বরের মধ্যে রাজ্য নেতৃত্বের কাছে চূড়ান্ত পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে রাজ্যের প্রতিটি বুথে কমপক্ষে ২৫টি করে প্রদীপ প্রজ্বলন করা হবে। এছাড়া দেশ ও রাজ্যের মানুষের কাছে মোদির ২৫ বছরের প্রশাসনিক কর্মযজ্ঞ তুলে ধরতে একটি বিশেষ তথ্যচিত্র এবং থিম সং প্রকাশ করা হবে, যার নাম দেওয়া হয়েছে ‘নমো সেবা গাথা’। শুধু রাজনৈতিক প্রচারেই সীমাবদ্ধ না থেকে জেলা ও মণ্ডল স্তরে সাধারণ মানুষকে যুক্ত করে ‘সেবা জ্যোতি যাত্রা’ এবং ‘সেবায় আমার অবদান’ নামের একাধিক সেবামূলক কর্মসূচি পালন করবে বিজেপি। এর আওতায় নিজ এলাকা পরিচ্ছন্ন রাখা, প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো, নদী ও জলাধার সংস্কার এবং জল সংরক্ষণের মতো সামাজিক কাজে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।