সামান্য ভুলেই নিমেষে ফাঁকা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! সাইবার বিশেষজ্ঞদের সতর্কবার্তায় চাঞ্চল্য!

ফোনে সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাঁটতে কিংবা ইউপিআই পেমেন্ট করার ঠিক মুহূর্তে হঠাৎ যদি আপনার স্ক্রিনটি সম্পূর্ণ ফ্রিজ বা আটকে যায়, তবে তা কেবল সাধারণ কোনো প্রযুক্তিগত ত্রুটি নয়। এটিকে নিছক ফোন খারাপ হয়ে যাওয়া বলে ভুল করলে আপনি বড় বিপদে পড়তে পারেন। বর্তমান সময়ে সাইবার অপরাধীরা এক অত্যন্ত অভিনব ও ভয়ঙ্কর ডিজিটাল প্রতারণার কৌশল বেছে নিয়েছে, যেখানে স্ক্রিন ফ্রিজ করিয়ে গ্রাহকদের সমস্ত গোপনীয় তথ্য ও ব্যাঙ্কিং ডিটেলস হাতিয়ে নেওয়া হচ্ছে। মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা এই নতুন ধরনের প্রতারণা নিয়ে দেশজুড়ে চরম সতর্কবার্তা জারি করেছেন।

এই নতুন কায়দায় সাইবার অপরাধীরা ঠিক কীভাবে ফাঁদ পাতছে? সাইবার বিশেষজ্ঞদের মতে, কোনো অচেনা বিজ্ঞাপনে বা ফিশিং লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ব্যবহারকারীর ফোনের স্ক্রিন হঠাত্ কাজ করা বন্ধ করে দেয় বা জমে যায়। এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন। আর ঠিক এই সুযোগটিকেই কাজে লাগায় হ্যাকাররা। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, রিমোট অ্যাক্সেস টুল এবং অ্যান্ড্রয়েড পারমিশনের অপব্যবহার করে প্রতারকরা দূর থেকেই নির্দিষ্ট ব্যক্তির ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের কব্জায় নিয়ে নেয়।

প্রখ্যাত সাইবার সিকিউরিটি সংস্থা ‘কুইক হিল টেকনোলজি’-র সিইও হরিশ কুমার জানিয়েছেন যে, স্ক্রিন ফ্রিজ হয়ে যাওয়াটি আসল সমস্যা নয়, বরং এটি ব্যবহারকারীকে বিভ্রান্ত করার এক সুচতুর মানসিক কৌশল মাত্র। স্ক্রিন জমে যাওয়ার পর ব্যবহারকারী যখন ফোনটি স্বাভাবিক করার চেষ্টা করেন, তখনই প্রতারকরা ভুয়া এরর মেসেজ, পপ-আপ বিজ্ঞাপন বা কাস্টমার কেয়ার প্রতিনিধি সেজে ফোন করে। সাহায্যের মিথ্যে প্রলোভন দেখিয়ে তারা ব্যবহারকারীকে কোনো ক্ষতিকর এপিকে (APK) ফাইল বা স্ক্রিন শেয়ারিং অ্যাপ ডাউনলোড করতে বাধ্য করে। একবার এই অ্যাপগুলি মোবাইলে ইনস্টল হয়ে গেলে ফোনের অ্যাক্সেসিবিলিটি, নোটিফিকেশন এবং সংবেদনশীল পারমিশন সরাসরি প্রতারকদের হাতে চলে যায়।

প্রতারকরা ভুয়া অ্যাপ্লিকেশন বা ফিশিং পেজের মাধ্যমে ব্যবহারকারীর প্রতিটি গোপন গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখে। ফলে ভুক্তভোগী যখন অজান্তেই কোনো পেমেন্ট করতে গিয়ে ইউপিআই পিন বা পাসওয়ার্ড বসান, তখন হ্যাকাররা সেই ডেটা রেকর্ড করে নিমেষে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দেয়। আসল ও নকল পেমেন্ট পেজের পার্থক্য বোঝার উপায় থাকে না।

এই মারাত্মক সাইবার প্রতারণা থেকে সুরক্ষিত থাকার জন্য কিছু সুনির্দিষ্ট বিষয়ে কঠোর সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি:

স্ক্রিন হঠাৎ ফ্রিজ হয়ে গেলে অবিলম্বে মোবাইলের ইন্টারনেট ডেটা বা ওয়াইফাই সংযোগ বন্ধ করে দিন।

স্ক্রিন ফ্রিজ থাকা অবস্থায় কখনোই কোনো ব্যাঙ্কিং ক্রেডেনশিয়াল বা ইউপিআই পিন টাইপ করবেন না।

কোনো অপরিচিত নম্বর থেকে ফোন এলে তাদের কথামতো কোনো থার্ড-পার্টি অ্যাপ বা ফাইল ডাউনলোড করবেন না।

ফোনে কোনো সন্দেহজনক অ্যাপ্লিকেশন রাখবেন না এবং অপ্রয়োজনীয় অ্যাপে অ্যাক্সেসিবিলিটি পারমিশন দেবেন না।

যদি কখনও মনে হয় আপনার আর্থিক তথ্য বা ব্যাঙ্কিং পাসওয়ার্ড হ্যাকারদের হাতে চলে গেছে, তবে অবিলম্বে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন এবং অন্য কোনো সুরক্ষিত ডিভাইস থেকে সমস্ত পাসওয়ার্ড ও ইউপিআই পিন অবিলম্বে পরিবর্তন করে ফেলুন।