আজই বাতিল আপ লাইনের ট্রেন চলাচল! কোন কোন রুটে ঘুরিয়ে চালানো হচ্ছে আপনার পছন্দের ট্রেন? দেখে নিন তালিকা

ফরাক্কায় ট্রেন চলাচল নিয়ে বড় সিদ্ধান্ত বদল করল রেল কর্তৃপক্ষ। শনিবার ফরাক্কায় রেললাইন মেরামতের কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার পর ট্রায়াল রানও করা হয়েছিল। তা সত্ত্বেও যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এখনই কোনো ঝুঁকি নিতে নারাজ রেল। আজ, রবিবার আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে এবং অপারেশনাল কারণে উত্তরবঙ্গগামী একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের রুট বদল করা হয়েছে।

পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, উত্তরবঙ্গগামী ট্রেনগুলিকে নলহাটি–আজিমগঞ্জ–নিউ ফরাক্কা, তিলডাঙা–বল্লালপুর–নিউ ফরাক্কা এবং ব্যান্ডেল–কাটোয়া–আজিমগঞ্জ রুটের মতো বিকল্প পথ দিয়ে ঘুরিয়ে চালানো হবে।

রুট পরিবর্তন হওয়া প্রধান ট্রেনগুলির তালিকা:

  • নলহাটি-আজিমগঞ্জ-নিউ ফরাক্কা রুট: কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস, হাওড়া-মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ-নাহারলাগুন এক্সপ্রেস, এসএমভিবি বেঙ্গালুরু-আগরতলা হামসফর এক্সপ্রেস এবং শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস।

  • তিলডাঙা-বল্লালপুর-নিউ ফরাক্কা রুট: দিল্লি-কামাখ্যা ব্রহ্মপুত্র মেল, কিউল-মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, লোকমান্য তিলক টার্মিনাস-গুয়াহাটি এক্সপ্রেস, হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস এবং হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস।

  • ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ রুট: শিয়ালদহ-আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদহ-মালদহ টাউন গৌড় এক্সপ্রেস, শিয়ালদহ-হলদিবাড়ি দার্জিলিং মেল এবং শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস।

যাত্রীদের অসুবিধে এড়াতে এবং নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে ট্রেন যাত্রার আগে রুট সংক্রান্ত এই পরিবর্তনগুলি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দিচ্ছে রেল কর্তৃপক্ষ।