‘শতবর্ষে পৌঁছালেও উনি আমাদের সেই চিরদিনের সুন্দর উত্তমদা!’ মহানায়ককে শ্রদ্ধা জানিয়ে অকপট বোমান

বলিউড অভিনেতা বোমান ইরানি সম্প্রতি মহানায়ক উত্তমকুমারের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে তাঁকে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। একটি সাক্ষাৎকারে কিংবদন্তি এই অভিনেতার ব্যক্তিত্ব ও আকর্ষণীয় রূপের ভূয়সী প্রশংসা করে তিনি জানান, ছোটবেলায় শক্তি সামন্ত পরিচালিত জনপ্রিয় হিন্দি-বাংলা দ্বিমুখী ছবি ‘অমানুষ’-এর মাধ্যমেই মূলত তিনি মহানায়কের কাজের সঙ্গে প্রথম পরিচিত হয়েছিলেন। শর্মিলা ঠাকুরের বিপরীতে মহানায়কের অভিনয় দেখে যে কেউ তাঁর হাসি এবং ব্যক্তিত্বের প্রেমে পড়ে যেতে বাধ্য বলে মন্তব্য করেন তিনি।
উত্তমকুমারকে নিয়ে বোমানের আবেগঘন বার্তা
উত্তমকুমারকে স্মরণ করে বোমান ইরানি বলেন, “১০০ বছর, ভাবা যায়! কিন্তু আমাদের কাছে উনি চিরকাল সেই সুন্দর উত্তমদাই থাকবেন।” নতুন প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করার জন্য উত্তমকুমারের মতো মহান শিল্পীদের কাজ বহু বছর ধরে উদযাপিত হওয়া উচিত বলে মনে করেন এই অভিনেতা। পাশাপাশি, ভাষার ব্যবধান সিনেমার ক্ষেত্রে কোনও বাধা হতে পারে না উল্লেখ করে সুযোগ পেলে তিনি বাংলা ছবিতে কাজ করতেও প্রবল আগ্রহ প্রকাশ করেছেন।
বোমানের কথায়, “আমাদের বছরের পর বছর ধরে উত্তমকুমারের মতো একজন শিল্পীকে ও তাঁর কাজকে উদযাপন করা উচিত, যাতে নতুন প্রজন্মের তারকারা তাঁর মতো অভিনেতার দ্বারা অনুপ্রাণিত হতে পারেন।”
উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গে মহা সমারোহে চলছে মহানায়কের শতবর্ষের উদযাপন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর কাজ ও প্রতিভাকে শ্রদ্ধা জানানো হচ্ছে। পাশাপাশি, নিউটাউনে একটি আধুনিক ‘উত্তমকুমার ফিল্ম সেন্টার’ গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে।