ভয়ংকর ট্রেন দুর্ঘটনা! ভুল লাইনে ঢুকে ট্র্যাক থেকে ছিটকে গেল মহানন্দা এক্সপ্রেস, ব্যাহত রেল চলাচল

রবিবার ভোরে বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আলিপুরদুয়ার-দিল্লি মহানন্দা এক্সপ্রেস (Mahananda Express)। বিহারের ভোজপুর জেলার আরা রেল স্টেশনে সিগন্যাল বিকল থাকার কারণে বিপত্তি ঘটে। সঠিক লাইনের পরিবর্তে ট্রেনটি ভুল লাইনে চলে যাওয়ায় এর কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

রবিবার ভোর চারটে নাগাদ ১৫৪৮৩ নম্বর আলিপুরদুয়ার জংশন-দিল্লি মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি আরা স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু সিগন্যাল বিভ্রাটের জেরে ট্রেনটি দিল্লির পরিবর্তে সাসারাম লাইনে চলে যায়। এরপর স্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে আপ লাইনে ট্রেনটির ইঞ্জিন, এসএলআর এবং এইচ-১ কোচ লাইনচ্যুত হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় সৌভাগ্যবশত কোনও যাত্রীর হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনার জেরে ব্যস্ত দিল্লি-হাওড়া প্রধান রেলপথে ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস, বিভূতি এক্সপ্রেস, ক্যাপিটাল এক্সপ্রেসসহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। রেলওয়ের কারিগরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও লাইন ঠিক করার কাজ শুরু করেছে।