কোথায় গেল বাংলা? বাংলার পর্যটন বিজ্ঞাপনে মস্কো-রিওকে জায়গা, চরম ট্রোলিং

বিশ্ব পর্যটনের মানচিত্রে বাংলাকে আরও জোরালোভাবে তুলে ধরার উদ্দেশ্যে সম্প্রতি নতুন পর্যটন বিজ্ঞাপন ও ব্র্যান্ড পরিচয় উন্মোচন করা হয়েছে। ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের পর্যটনের জন্য নতুন লোগো এবং ‘West Bengal: Where India feels different’ ক্যাচলাইন প্রকাশ্যে আনা হয়। পাশাপাশি রাজ্যের পর্যটন পরিকাঠামো উন্নয়নে ৫০০ কোটি টাকা বিনিয়োগের কথাও ঘোষণা করা হয়। তবে এই সদিচ্ছা ও বড় ঘোষণার রেশ কাটতে না কাটতেই নতুন পর্যটন বিজ্ঞাপনটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র হাসাহাসি ও সমালোচনার ঝড় উঠেছে।
বিজ্ঞাপনে ভিনদেশি দর্শনীয় স্থান
রাজ্যের পর্যটনকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরার এই প্রচারের প্রথম ঝলকেই ঘটে বিপত্তি। বিজ্ঞাপনটি মাত্র এক সেকেন্ডের জন্য আইকনিক হাওড়া ব্রিজের দৃশ্য দিয়ে শুরু হলেও, এরপর বাংলার নিজস্ব কোনো পর্যটনকেন্দ্রের দেখা মেলেনি। পরিবর্তে ভিডিওটিতে একের পর এক এমন সব জায়গার ছবি ফুটিয়ে তোলা হয়েছে যার সঙ্গে বাংলার কোনো ন্যূনতম সম্পর্কই নেই। বিজ্ঞাপনে জায়গা করে নিয়েছে ফ্রান্সের আইফেল টাওয়ার, রাশিয়ার সেন্ট বাসিল’স ক্যাথেডার্ন, মিশরের পিরামিড এবং রিও ডি জেনেইরোর ক্রাইস্ট দ্য রিডিমার-এর মতো ভিনদেশি ও দূরবর্তী ল্যান্ডমার্ক। অথচ ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির কিংবা দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেনের মতো ঐতিহ্যবাহী আকর্ষণগুলো সম্পূর্ণ অনুপস্থিত।
‘Where is Bengal?’ প্রশ্নে সরব নেটপাড়া
বাংলার নিজস্ব ঐতিহ্য ও পর্যটনস্থল বাদ দিয়ে ভিনদেশি ল্যান্ডমার্ককে বিজ্ঞাপনে স্থান দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেন থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এই প্রচারের তীব্র সমালোচনা করে একে অত্যন্ত খারাপ ও নিম্নমানের বলে অভিহিত করেছেন। প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ও বিজ্ঞাপনটিকে অপেশাদার আখ্যা দিয়ে প্রশ্ন তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা ‘Where is Bengal?’ স্লোগান তুলে তীব্র ট্রোলিং শুরু করেছেন। কারও মতে, বাংলার অফুরন্ত বৈচিত্র্য ও পাহাড়া থেকে সমুদ্রের সৌন্দর্য ফেলে বিনামূল্যে বিদেশি শহরকে প্রচার করার কোনো মানেই হয় না। সব মিলিয়ে, নতুন এই পর্যটন বিজ্ঞাপনটি এখন প্রবল বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।