শিক্ষক নিয়োগ নিয়ে বিরাট ঘোষণা! স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত চাকরি দেওয়ার বড় বার্তা কার?

শিক্ষক দিবসের বিশেষ অনুষ্ঠান মঞ্চ থেকে শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ প্রসঙ্গে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন স্পষ্ট ভাষায় তিনি জানান, রাজ্যে শিক্ষক নিয়োগের বিষয়টির খুব শীঘ্রই নিষ্পত্তি করা হবে এবং সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গেই শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আদালতের নির্দেশ মেনেই সমস্ত পদক্ষেপ করা হচ্ছে বলে আশ্বাস দেন তিনি।

শিক্ষক নিয়োগ ও সংস্কারের বার্তা: শিক্ষক পদের মর্যাদা এবং ঐতিহ্য ফিরিয়ে আনার ওপর বিশেষ জোর দিয়ে শুভেন্দু বলেন, অতীতে যেভাবে এই পেশাকে অবমূল্যায়ন করা হয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে আবারও শিক্ষার পরিবেশ পুনর্নির্মাণ করতে হবে। শিক্ষকদের কাজ শুধু পঠনপাঠন, তাই তাঁদের ওপর থেকে মিড-ডে মিলের হিসাব রাখা বা অন্যান্য প্রশাসনিক চাপ কমানোর জন্য আলাদা করে শিক্ষাকর্মী নিয়োগের কথা বলেন তিনি। পাশাপাশি লাইব্রেরিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য টেকনিক্যাল পদের গুরুত্বও তুলে ধরেন।

স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগ: নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনতে রামকৃষ্ণ মিশনের মহারাজদের স্কুল সার্ভিস কমিশনের মাথায় বসানো হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, যাঁদের আত্মত্যাগ ও সততা প্রশ্নাতীত, তাঁদের হাতেই দায়িত্ব দেওয়া হয়েছে। মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে নয়, বরং প্রার্থীর মেধাই হবে নিয়োগের একমাত্র বিচার্য বিষয়। এছাড়া এসএসসির মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে লিখিত পরীক্ষার ওপর বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়ার কথাও জানান তিনি।

ডিএ (DA) নিয়ে আশ্বাস: শিক্ষক ও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বা ডিএ প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। আদালত এবং নির্দিষ্ট কমিটির নির্দেশ মেনেই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ করা হবে। পুজো বা উৎসবের মরশুমে সরকারি কর্মীদের সুবিধার্থে বিশেষ অগ্রিম বা অতিরিক্ত সুবিধার কথাও উল্লেখ করেন তিনি। শিক্ষার মানোন্নয়ন এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সুনিশ্চিত করতে এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Aditi Banik
  • Aditi Banik