অ্যাকাউন্টে টাকা আসছে না কেন? এই ভুলগুলো করলেই আটকে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের সাহায্য!

সেপ্টেম্বর মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির টাকা বিতরণের প্রক্রিয়া। ইতিমধ্যে গত ১৭ অগস্টের পর থেকে অনেকের অ্যাকাউন্টে অনুদানের টাকা ঢুকতে শুরু করেছে। তবে বহু মহিলা আবেদন করার সত্ত্বেও এখনও পর্যন্ত তাঁদের অ্যাকাউন্টে টাকা না পৌঁছানোয় জনমনে ক্ষোভ বাড়ছে। ঠিক কী কারণে টাকা আটকে যাচ্ছে এবং এই সমস্যার সমাধানে কোথায় অভিযোগ জানাতে হবে, তা নিয়ে প্রকাশ্যে এল গুরুত্বপূর্ণ তথ্য।

প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, অন্নপূর্ণা যোজনার আওতায় এ পর্যন্ত দেড় কোটিরও বেশি মহিলা আবেদন করেছেন। যাঁদের তথ্য যাচাই বা ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, তাঁরা নিয়মিত টাকা পাচ্ছেন। তবে এখনও একটি বড় অংশের আবেদনকারীর তথ্য যাচাইয়ের কাজ বাকি রয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলেই বাকি যোগ্য প্রার্থীরা বকেয়া ভাতা পেয়ে যাবেন।

এদিকে, টাকা না পাওয়ার পেছনে মূলত কয়েকটি সাধারণ ভুল দায়ী থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথমত, অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার এবং ডিবিটি (Direct Benefit Transfer) লিঙ্ক করা নেই, যার ফলে টাকা আটকে যেতে পারে। দ্বিতীয়ত, আবেদনপত্রে ভুল তথ্য প্রদান বা একই ফোন নম্বর দিয়ে পরিবারের একাধিক আবেদন জমা দেওয়ার কারণেও আবেদন বাতিল হতে পারে। এছাড়াও কোনো তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করা হলে ভেরিফিকেশনে তা ধরা পড়ে এবং ভাতা বন্ধ হয়ে যায়।

যাঁরা এখনও টাকা পাননি, তাঁরা প্রশাসনের নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে নিজেদের সমস্যার কথা জানাতে পারেন। সরকারি নির্দেশিকা অনুযায়ী, কোনো মহিলা টাকা সংক্রান্ত সমস্যায় পড়লে সরাসরি ১৮০০-৩৪৫-৫৫৫৫ অথবা ১৮০০-৩৪৫-৫৫০৫ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি, ‘সিএম কানেক্ট গ্রিভেন্স সেল’-এর ১৯৭১ কিংবা ১৮০০-৩৪৫৬-৮৫১ নম্বরে ফোন করেও অভিযোগ দায়ের করার সুযোগ রয়েছে। প্রশাসন জানিয়েছে, দ্রুত ত্রুটি সংশোধন করে যোগ্য উপভোক্তাদের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার কাজ চলছে।