ঘরে মিলল জনপ্রিয় গায়কের পচাগলা দেহ, চারপাশ জুড়ে রক্তের দাগ! মর্মান্তিক মৃত্যুতে হুলস্থূল পাঞ্জাবের সঙ্গীতমহলে

পঞ্জাবের লুধিয়ানা থেকে এক জনপ্রিয় সঙ্গীতশিল্পীর রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা দেশে। লুধিয়ানার সুধার পট্টি ধালিওয়াল গ্রামের একটি বন্ধ বাড়ি থেকে পঞ্জাবী গায়ক ও গীতিকার বলজিৎ সিংহের পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘরের বিছানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রক্তের দাগ দেখে এবং মরদেহের অবস্থা বিবেচনা করে পুলিশের প্রাথমিক অনুমান, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং সুপরিকল্পিত খুন। গত চার থেকে পাঁচ দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে একা থাকতেন বলজিৎ সিংহ। গত কয়েকদিন ধরেই তাঁকে এলাকায় দেখতে পাওয়া যাচ্ছিল না এবং তাঁর ফোনও বন্ধ ছিল। বৃহস্পতিবার হঠাৎই তাঁর বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করলে প্রতিবেশীদের সন্দেহ হয়। তাঁরা সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে বিছানায় গায়কের পচে যাওয়া দেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট না হলেও ঘরের চারপাশে রক্তের দাগ মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি গায়কের পরিচিত ও যোগাযোগের মানুষদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সম্প্রতি হরিয়ানভি গায়ক অঙ্কিত বালিয়ানের হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পাঞ্জাবের এই মর্মান্তিক ঘটনায় সংগীত জগতে গভীর শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।