টুপি পরে খালি পায়ে হনুমানজির ছবি দেখছেন মুসলিম যুবক! ইন্টারনেটে ভাইরাল হওয়া এই দৃশ্য চোখে জল আনবে

সোশ্যাল মিডিয়ার অন্তহীন পাতা উলটোলে যেখানে বেশিরভাগ সময়ই বিভেদ ও উত্তেজনার খবর চোখে পড়ে, ঠিক সেই ভিড়েই মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত সামনে আসে যা মানুষের মনকে ভরিয়ে দেয়। সম্প্রতি তেমনই এক হৃদয়স্পর্শী ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, যা দেখে চোখে জল এসেছে বহু নেটিজেনের। প্রেক্ষাগৃহে চলছে নিম করোলি বাবার জীবনের ওপর তৈরি ছবি ‘হনুমান অংশ’। সেই সিনেমা হলের অন্ধকার প্রেক্ষাপটে সাদা কুর্তা-পায়জামা এবং মাথায় সাদা টুপি পরিহিত এক মুসলিম যুবককে খালি পায়ে অত্যন্ত গভীর মনোযোগে সিনেমাটি দেখতে দেখা গেছে।
কারও অজান্তেই ক্যামেরাবন্দি হওয়া সেই মুহূর্তটিতে যুবকের চোখে-মুখে ছিল আত্মিক ভক্তি, বাহ্যিক দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। ধর্মীয় গণ্ডি বা রাজনৈতিক ভেদাভেদকে বুড়ো আঙুল দেখিয়ে সিনেমা হলের মেঝেতে খালি পায়ে বসে ভক্তিভরে ছবি দেখার এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। ছবি দেখে এক নেটিজেন মন্তব্য করেছেন, “রাজনীতিহীন ভারতের আসল রূপ এটাই।” অন্য একজন লিখেছেন, “দশকের পর দশক ধরে চলা রাজনৈতিক মেরুকরণও সাধারণ মানুষের মনের এই শুচিতাকে এতটুকুও নষ্ট করতে পারেনি।” সমস্ত বিতর্কের ঊর্ধ্বে গিয়ে এই ছোট্ট দৃশ্যটি প্রমাণ করে দিল যে প্রকৃত ভক্তি ও সংস্কৃতির মেলবন্ধনে ধর্মের কোনো দেওয়াল টেকে না।