ড্রাগ খেয়ে চালাচ্ছিলেন বিমান! ফুকেট-দিল্লি কাণ্ডে এয়ার ইন্ডিয়ার পাইলটকে ছাঁটাই করতেই শোরগোল

গত ৪ আগস্ট ১৩৭ জন যাত্রী এবং ৮ জন ক্রু সদস্যকে নিয়ে ফুকেট থেকে দিল্লির দিকে উড়েছিল এয়ারবাস A320 বিমানটি। আকাশেড়ার সময় সিট-বেল্টের সংকেত বন্ধ থাকা এবং তীব্র ঝাঁকুনিতে বেশ কয়েকজন যাত্রী ও কেবিন ক্রু আহত হন। নিয়ম বহির্ভূতভাবে বিমানটিকে নিকটতম বিমানবন্দরে না নামিয়ে সরাসরি দিল্লির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল। এই ঘটনার পরই এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB)-র প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।

তদন্তে জানা যায়, ওই দিন বিমান ওড়ানোর দায়িত্বে থাকা পাইলট-ইন-কম্যান্ডের শরীরে মাদকজাতীয় সাইকো-অ্যাক্টিভ পদার্থের উপস্থিতি রয়েছে। তাঁর মেডিক্যাল টেস্টের রিপোর্ট ‘নট নেগেটিভ’ আসার পরই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তা এবং ফিটনেসের ক্ষেত্রে বিমানসংস্থা সবসময় জিরো-টলারেন্স নীতি মেনে চলে। নিয়মের এই মারাত্মক লঙ্ঘন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সেই নীতি মেনেই অভিযুক্ত পাইলটকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় বিমান চালকদের শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠেছে।