মাথা ফাটিয়ে দেওয়ার দম্ভোক্তি আর রক্ষা করল না! ছাত্র নেতার বাবাকে মারধরে অবশেষে জালে ইনফ্লুয়েন্সার স্বতন্ত্র

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী ছাত্র নেতার প্রবীণ বাবাকে মারধর করার ঘটনায় অবশেষে বড় পদক্ষেপ করল পুলিশ। ঘটনার পর কেটে গিয়েছে দীর্ঘ সময়, এবার উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে বিতর্কিত ইনফ্লুয়েন্সার ও পডকাস্টার স্বতন্ত্র ভারদ্বাজকে আটক করেছে দিল্লি পুলিশ।
গত ২০ জুলাই যন্তরমন্তরে এক বিক্ষোভের সময় ‘ককরোচ জনতা পার্টি’র কর্মী নিশু আজাদের বাবা সঞ্জয় কুমারকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে স্বতন্ত্রের বিরুদ্ধে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পডকাস্টের ভিডিও ভাইরাল হয়, যেখানে স্বয়ং স্বতন্ত্রকে বুক ফুলিয়ে বলতে শোনা যায় যে তিনি ওই বৃদ্ধের মাথা ফাটিয়ে দিয়েছেন। এই ভিডিও প্রকাশ্যে আসার পরই ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। শুক্রবারই পার্লামেন্ট স্ট্রিট থানার বাইরে তুমুল বিক্ষোভ দেখায় সিজেপি সমর্থকরা। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে আল্টিমেটাম দেওয়া হয়েছিল।
চাপ বাড়তেই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ সূত্রে খবর, শুক্রবার হেলমেট পরে পরিচয় আড়াল করে বুলেট বাইকে চেপে পালানোর চেষ্টা করছিলেন স্বতন্ত্র। কিন্তু শেষরক্ষা হয়নি। নৈথলা গ্রাম থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ।
যদিও আটকের আগেই নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন স্বতন্ত্র। তাঁর দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনি কাউকে আক্রমণ করেননি। উল্টে তাঁর সাফাই, ১০-১৫ জন মিলে তাঁকে ঘিরে ধরেছিল। সেই সময় গণপিটুনির হাত থেকে বাঁচতে এবং আত্মরক্ষার্থেই তিনি হাতাহাতিতে জড়ান, যার জেরে ওই বৃদ্ধের মাথায় আঘাত লাগে। এমনকি ভাইরাল হওয়া পডকাস্টের ভিডিওটি এডিট করা এবং ভুয়ো বলেও দাবি করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের জালেই আটকা পড়লেন বিতর্কিত এই ইনফ্লুয়েন্সার।