অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নির্দেশ! দমকলের চিঠিতে কূল কিনারা পাচ্ছে না মালিকপক্ষ

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের কার্যালয় নিয়ে বড়সড় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ করল রাজ্য দমকল বিভাগ। ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ না থাকা এবং ফায়ার সেফটি সার্টিফিকেট নবীকরণ না করার অভিযোগে এই নির্দেশিকা জারি করা হয়েছে। মূলত ৯, অবনীন্দ্রনাথ ঠাকুর সরণির (ক্যামাক স্ট্রিট) ওই সুউচ্চ ভবনের সপ্তম ও অষ্টম তলায় অভিষেকের দফতর রয়েছে। দমকলের পাঠানো নির্দেশিকায় ওই ভবনটির নির্দিষ্ট কিছু অংশ অবিলম্বে খালি করার কথা বলা হয়েছে।

দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবনের অগ্নিনির্বাপণ পরিকাঠামোয় বেশ কিছু ঘাটতি রয়েছে এবং নির্ধারিত নিয়ম মানা হয়নি। যথাযথ ফায়ার সার্টিফিকেট নতুন করে না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ভবনের মালিক বা ব্যবহারকারীরা ওই দুই তলা ও বেসমেন্ট কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না। এই কঠোর নির্দেশিকার অনুলিপি ইতিমধ্যে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য কলকাতা পুরসভা, শেক্সপিয়র সরণি থানা এবং বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসি (CESC)-র দফতরেও পাঠানো হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ঘটনায় ক্যামাক স্ট্রিটের রাজনৈতিক কার্যালয় চত্বরে নতুন করে প্রশাসনিক চাপ তৈরি হলো।