বাস বা রাস্তায় মেইল টাইপ করার ঝামেলা শেষ! জিমেইলে এল রিয়াল-টাইম ভয়েস চ্যাট ফিচার

চলন্ত বাসে কিংবা ব্যস্ত রাস্তায় তাড়াহুড়োয় গুরুত্বপূর্ণ কোনো মেইল টাইপ করা বা ডকুমেন্ট রেডি করা সবসময়ই বেশ ঝামেলার। সাধারণ ব্যবহারকারীদের এই দৈনন্দিন সমস্যার স্থায়ী সমাধান আনতে নতুন এবং অত্যাধুনিক ফিচার নিয়ে হাজির হলো গুগল। শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে Gmail, Google Docs এবং Google Keep-এ যুক্ত হলো রিয়াল-টাইম এবং বোথ-ওয়ে ভয়েস কনভার্সেশন সুবিধা। গুগলের শক্তিশালী Gemini 3.5 Live প্রযুক্তির ওপর ভিত্তি করে এই ফিচারটি তৈরি করা হয়েছে।
এর আগে সাধারণ ভয়েস টাইপিংয়ের ক্ষেত্রে কেবল একমুখী কথা বলার সুবিধা ছিল। অর্থাৎ ব্যবহারকারী যা বলতেন হুবহু সেটাই টাইপ হতো এবং ভুল সংশোধন করতে ব্যাকস্পেস ব্যবহার করতে হতো। কিন্তু গুগলের নতুন এই লাইভ ফিচারে সেই ধারণা পুরোপুরি বদলে গেছে। এখন থেকে এই অ্যাপগুলি ব্যবহারকারীর সঙ্গে সরাসরি কথা বলতে পারবে, কথপোকথনের প্রেক্ষাপট বা কনটেকস্ট বুঝতে পারবে এবং সেই অনুযায়ী নিখুঁত মেইল বা ডেসক্রিপশন তৈরি করে দিতে সক্ষম হবে।
জিমেইল লাইভ: মুখে বললেই খুঁজে দেবে পুরোনো ইমেল
বহু পুরনো বা আর্কাইভ করা ইমেলের ভিড় থেকে কোনো ট্র্যাকিং নম্বর, মিটিংয়ের নির্দিষ্ট সময় কিংবা জরুরি তথ্য খুঁজে বের করা অত্যন্ত সময়সাপেক্ষ। ‘জিমেইল লাইভ’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারী সরাসরি জিমেইলের সঙ্গে কথা বলে যেকোনো প্রশ্ন করতে পারবেন। সেই অনুযায়ী মুহূর্তের মধ্যে সঠিক উত্তর খুঁজে বের করে তা দিয়ে মেইলের বয়ানও তৈরি করে দেবে এই এআই টুল।
ডকস লাইভ: লেখালেখির শুরুতে আর বাঁধবে না কথা
লেখালেখির ক্ষেত্রে সবচেয়ে কঠিন ধাপ হলো শূন্য পাতা থেকে শুরু করা। কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে লেখার ইচ্ছা থাকলেও অনেক সময় তা সঠিকভাবে ফুটিয়ে তোলা যায় না। ‘ডকস লাইভ’ এই সমস্যার সহজ সমাধান নিয়ে এসেছে। ব্যবহারকারী কোনো নির্দিষ্ট ফরম্যাট না মেনে নিজের এলোমেলো ভাবনাগুলি মুখে বললেই, এই ফিচারটি তা গুছিয়ে একটি পূর্ণাঙ্গ ডকুমেন্ট বা মেমো তৈরি করে দিতে পারবে।
কিপ লাইভ: এলোমেলো ভাবনায় তৈরি হবে গোছানো তালিকা
জরুরি কোনো আইডিয়া বা গুরুত্বপূর্ণ নোট দ্রুত লিখে রাখতে সাধারণত গুগল কিপ ব্যবহার করা হয়। এবার ‘কিপ লাইভ’ সেই কাজটিকে আরও বেশি গতিশীল ও সহজ করে তুলবে। এর ফলে হাতের কাছে টাইপ করার ঝামেলা ছাড়াই মুখে বলে ঝটপট নোট বা তালিকা বানিয়ে নেওয়া সম্ভব হবে।