ভাঁজ করা ফোনে বিপ্লব আনছে শাওমি! আসছে চোখধাঁধানো লাল রঙের ১৮ ফোল্ড, জেনে নিন ফিচার

জার্মানির বার্লিনে আয়োজিত আইএফএ ২০২৬ টেক শো-তে নিজেদের শক্তি প্রমাণ করল শাওমি। মঞ্চে সংস্থার তরফে প্রথমবার প্রদর্শন করা হলো তাদের নতুন প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন ‘শাওমি ১৮ ফোল্ড’। আগামী ৭ সেপ্টেম্বর চিনে অফিশিয়ালি লঞ্চ হতে চলা এই ফোনটি ঘিরে ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে জল্পনা তুঙ্গে উঠেছে। সংস্থার দাবি, এটিই তাদের প্রথম এমন স্মার্টফোন যা নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘এক্সরিং ও৩’ চিপ দ্বারা পরিচালিত হবে।

লাল রঙে নজরকাড়া ডিজাইন ও শক্তিশালী প্রসেসর প্রদর্শনীতে আকর্ষণীয় লাল রঙের ফোল্ডেবল ফোনটি সামনে এনেছে চিনা প্রযুক্তি জায়ান্ট শাওমি। ফোনটির পিছনের অংশে রাখা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। তবে এর আসল শক্তি লুকিয়ে রয়েছে এর হুডের নিচে। নিজস্ব এক্সরিং ও৩ চিপ ব্যবহারের ফলে ফোনটির পারফরম্যান্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ভিত্তিক কাজের গতি বহু গুণে বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। ফোনটির অন্যান্য স্পেসিফিকেশন খুব শীঘ্রই প্রকাশ করা হবে। এই লঞ্চ ইভেন্টেই আসছে ‘শাওমি প্যাড ৯ প্রো ম্যাক্স’ ট্যাবলেটও।

এআই এবং স্মার্ট হোম ইকোসিস্টেমে জোর এবারের প্রদর্শনীতে প্রায় ৩,৩০০ বর্গমিটার এলাকাজুড়ে ৩৮০টিরও বেশি পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করেছে শাওমি। ‘এআই টুমরো’, ‘এআই টুডে’ এবং ‘হিউম্যান × কার × হোম’—এই তিনটি মূল থিমের ওপর ভিত্তি করে তাদের স্টল সাজানো হয়েছিল। দৈনন্দিন রান্নার সরঞ্জাম থেকে শুরু করে এয়ার কন্ট্রোল, বিনোদন এবং স্মার্ট সিকিউরিটি সিস্টেম—মিজিয়া স্মার্ট হোম প্রযুক্তির মাধ্যমে সমস্ত ডিভাইসকে একটি সুতোয় বাঁধার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। ইউরোপের বাজারেও এই ইকোসিস্টেম বড় আকারে সম্প্রসারণ করা হবে।

মঞ্চে হাজির হিউম্যানয়েড রোবট ও সুপারকার স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে শাওমির রোবটিক্স এবং অটোমোবাইল বিভাগও এদিনের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল। অনুষ্ঠানে মানুষের মতো দেখতে রোবট ‘সাইবারওয়ান’ এবং নতুন এআই প্রযুক্তি যেমন মিমো-ভি২.৫-প্রো ও শাওমি মিক্লো সকলের নজর কেড়েছে। পাশাপাশি, এসইউ৭ এবং এসইউ৭ আলট্রা গাড়ির পাশাপাশি ভিশন গ্রান টুরিসমো ইলেকট্রিক হাইপারকার কনসেপ্টও প্রদর্শন করা হয়েছে। ২০২৪ সালের মার্চ থেকে চিনে ৭ লক্ষেরও বেশি গাড়ি বিক্রির পর, ২০২৭ সালের মধ্যে ইউরোপের বাজারেও গাড়ি চালুর পরিকল্পনা রয়েছে শাওমির। আগামী দিনে এআই, অপারেটিং সিস্টেম এবং চিপ তৈরিতে বিপুল বিনিয়োগের ঘোষণা করেছে এই টেক জায়ান্ট।