১ লক্ষ টাকার সামান্য বেশি দামেই ঝড় তুলতে এল নতুন ইলেকট্রিক স্কুটার, এক চার্জে ছুটবে ২৪৩ কিমি!

সাধ্যের মধ্যে দুর্দান্ত মাইলেজ এবং নজরকাড়া ফিচার নিয়ে ইলেকট্রিক টু-হুইলার বাজারে প্রবেশ করল সিম্পল এনার্জির নতুন ফ্যামিলি স্কুটার ‘সিম্পল ওয়েভ’ (Simple Wave)। সংস্থার দাবি, এই নতুন ইলেকট্রিক স্কুটারের প্রারম্ভিক এক্স-শোরুম দাম রাখা হয়েছে ১ লক্ষ ১০ হাজার টাকা। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে এই স্কুটারের ডেলিভারি শুরু হবে বলে জানিয়েছে কোম্পানি।

ভ্যারিয়েন্ট ও ব্যাটারি ক্যাপাসিটি

গ্রাহকদের পছন্দ ও বাজেট অনুযায়ী এই স্কুটারটি একাধিক ব্যাটারি অপশনে বাজারে আনা হয়েছে। সিম্পল ওয়েভ এস (Wave S) মডেলটি পাওয়া যাবে ২.২ kWh এবং ২.৭ kWh—এই দুটি ব্যাটারি ভ্যারিয়েন্টে, যেগুলির ক্ষেত্রে যথাক্রমে ১১০ কিমি এবং ১৩২ কিমি রেঞ্জের দাবি করা হয়েছে। এছাড়া সাধারণ ওয়েভ মডেলে রয়েছে ৩.৭ kWh ব্যাটারি (রেঞ্জ ১৭১ কিমি) এবং টপ-এন্ড ওয়েভ প্লাস (Wave+) মডেলে দেওয়া হয়েছে ৫ kWh এর শক্তিশালী ব্যাটারি, যা এক চার্জে ২৪৩ কিমি পর্যন্ত পথ পাড়ি দিতে সক্ষম।

দুর্দান্ত স্টোরেজ ও সিটের দৈর্ঘ্য

পরিবারের কথা মাথায় রেখে তৈরি এই স্কুটারে দেওয়া হয়েছে বাজারের সবচেয়ে দীর্ঘ ৯২০ এমএম (mm) সিট। এর পাশাপাশি রয়েছে মোট ৭০ লিটারের বিশাল স্টোরেজ ক্যাপাসিটি। যার মধ্যে সিটের নিচেই মিলবে ৬৩ লিটারের বেস স্পেস। বাকি স্টোরেজটি ভাগ করা হয়েছে সামনের অংশ এবং সাইড পকেটের পিল স্টোরেজের মধ্যে।

গতি ও পারফরম্যান্স

এই স্কুটারের মোটর এবং ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমে তৃতীয় জেনারেশনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মোটরটি আগের তুলনায় ১৫ শতাংশ ছোট করা হলেও এর কার্যক্ষমতা বেশ শক্তিশালী। ওয়েভ এস মডেলে EcoX, Eco এবং Ride মোড দেওয়া হয়েছে, যেখানে সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৭৫ কিমি। অন্যদিকে, সাধারণ ওয়েভ এবং ওয়েভ প্লাস মডেলে অতিরিক্ত একটি স্পোর্টস মোড রয়েছে, যেগুলিতে সর্বোচ্চ ৯০ কিমি বেগে ড্রাইভ করা সম্ভব। আকর্ষনীয় দাম ও দীর্ঘ ড্রাইভিং রেঞ্জের কারণে ই-স্কুটারপ্রেমীদের মধ্যে এই মডেলটি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।